চাকরির পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল ঝাড়খণ্ড। অনশনে বসেছেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ চেয়েছেন। অবশেষে সেই ছাত্র আন্দোলন সফল হতে চলেছে। রবিবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল ঝাড়খণ্ড সরকার। বিতর্কিত তিনটি পরীক্ষা বাতিল করে দিতে রাজি হয়েছে সরকার, এমনটাই সূত্রের খবর। পরীক্ষার সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে ইডি, পড়ুয়াদের এই দাবিও মেনে নিতে পারে ঝাড়খণ্ড সরকার।
আরও পড়ুন:
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে উঠেছে। এই ঘটনায় ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। সরকারের কাছে মূলত ৩টি দাবি জানানো হয়। যেগুলি হল, ১. সিবিআই, ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত। ২. নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখতে হবে। ৩. পুরো ব্যবস্থার খোলনলচে বদলে যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে। ঘটনার প্রতিবাদে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে প্রতিবাদ শুরু করেছেন পড়ুয়ারা। অনশনে বসেছেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো।
সমস্যা মেটাতে ইতিমধ্যেই পড়ুয়াদের সঙ্গে পাঁচ দফা বৈঠক হয়েছে সরকারের। কিন্তু রফাসূত্র মেলেনি। এহেন পরিস্থিতিতে শনিবার দেবেন্দ্র জানান, টানা ১৫ দিন ধরে অনশনের জেরে তাঁর শরীর অনেকখানি ভেঙেছে। অঙ্গপ্রত্যঙ্গ যথাযথভাবে কাজ করছে না। রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ সবই নিম্নমুখী। পাশাপাশি প্রতিবাদী পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়েছেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সংসদ ভবন অভিযানের ধাঁচে এবার ঝাড়খণ্ডের বিধানসভা ঘেরাও করবেন। সবমিলিয়ে যথেষ্ট চাপে পড়েছিল হেমন্তের সরকার।
এহেন পরিস্থিতিতে পড়ুয়াদের দাবি মেনে ২০২৩ এবং ২০২৫ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ১৪তম প্রিলিমিনারি-এই তিনটি পরীক্ষা বাতিল করতে চলেছে সরকার, এমনটাই শোনা যাচ্ছে। এছাড়াও বেসরকারি সংস্থা পরিচালিত যতগুলি পরীক্ষা হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হবে। পরীক্ষা পদ্ধতিতে সংশোধনের জন্য আইআইএম এবং এক্সআইএসএসের থেকে সহযোগিতা চাইবে সরকার, এমনটাও শোনা গিয়েছে। যদিও সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?