Karnataka

তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?

তামাক বা নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার উৎপাদন, মজুত, বিতরণ, পরিবহণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করল রাজ্য সরকার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:৩০

options
link
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?
খোলা পণ্যের ক্ষেত্রেও সরকারি নিষেধাজ্ঞা থাকছে।

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। তামাক বা নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার উৎপাদন, মজুত, বিতরণ, পরিবহণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করল তারা। খবর বুধবার প্রকাশ্যে এলেও গত ১৫ জুন এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত আগামী এক বছর এই নির্দেশিকা বহাল থাকবে বলেই জানা গিয়েছে।

Advertisement

রাজ্যের খাদ্য নিরাপত্তা কমিশনারের নির্দেশে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ৩০(২)(এ) ধারা এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (প্রভিশন অ্যান্ড রেস্ট্রিকশনস অন সেলস) রেগুলেশনস ২০১১-এর ধারা ২.৩.৪ অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, তামাক বা নিকোটিনযুক্ত গুটখা ও পান মশলার পাশাপাশি এমন যে কোনও পণ্য নিষিদ্ধ করা হয়েছে, যা চূড়ান্ত পণ্যে তামাক বা নিকোটিন ধারণ করে। পণ্যের নাম বা ব্র্যান্ড নির্বিশেষে নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে।

Advertisement

নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুধু প্যাকেটজাত পণ্য নয়, খোলা অবস্থায় থাকা পণ্যের ক্ষেত্রেও এই সরকারি নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। একইভাবে, তামাক বা নিকোটিনযুক্ত উপাদান আলাদা আলাদা প্যাকেটে বিক্রি হলেও, সেগুলি যদি ক্রেতা সহজেই মিশিয়ে নিতে পারেন, সেই বিক্রিও নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, সাচে, পাউচ, প্যাকেট, কন্টেনার বা অন্য কোনও নামে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা-পান মশলা বাজারজাত করা যাবে না। উল্লেখ্য, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিগত সরকার গুটখা নিষিদ্ধ করেছিল। বর্তমান সরকার ওই নির্দেশিকা বহাল রাখবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.