সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরী জলবন্টনকে কেন্দ্র করে গত ২ সেপেটম্বর অগ্নিগর্ভ হয়ে ওঠে কর্নাটক৷ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি এই সমস্যার৷ তামিলনাড়ুর পক্ষে রায় ঘোষণা করে কর্নাটককে ১০ দিনে ৪২০০০ কিউসেক জল ছাড়তে নির্দেশ দিয়েছিল আদালত৷ সেই নির্দেশ না মেনে এবার জল ছাড়ার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত চেয়ে আবেদন করল কর্নাটক৷
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছিলেন, এই নির্দেশ কর্নাটকের পক্ষে মেনে নেওয়া কার্যত অসম্ভব৷ কর্নাটক সরকার পরবর্তী পদক্ষেপ কী নেবে, তা ঠিক করতেই তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই মুহূর্তে কোনওভাবেই ৪২০০০ কিউসেক জল ছাড়বে না কর্নাটক৷
সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সোমবার সর্বোচ্চ আদালতে কর্নাটকের পক্ষ থেকে জানানো হয়, রিজার্ভারে বেশি জল না থাকায় ৪২০০০ কিউসেক জল ছাড়া সম্ভব হয়নি নির্ধারিত সময়ে৷ কর্নাটকের আবেদন, জল দেওয়ার বরাদ্দ সময় দশ দিনের পরিবর্তে ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হোক৷ যাতে এতটা পরিমাণ জল একেবারে না দিয়ে দুই পক্ষের দাবি মেনেই একটা সমঝোতায় আসা যায়৷
সুপ্রিম কোর্ট এই আর্জি গ্রহণ করলে কাবেরী জলবন্টন সমস্যার সাময়িক সুরাহা হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ