সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে অতিবাহিত হয়েছে ৪ বছরেরও কিছু বেশি সময়৷ এমনকী বেঁচে নেই পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার সুজেট জর্ডন৷ কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে পুলিশের জালে ধরা পড়ল ঘটনার মূল অভিযুক্ত কাদের খান৷
৫ ফেব্রুয়ারি ২০১২ সালে, রাতে পার্ক স্ট্রিটের এক নাইট ক্লাব থেকে ফেরার পথে গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেন সুজেট জর্ডন নামের এক মহিলা৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতায়৷ তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রশাসন৷ কলকাতা পুলিশকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়৷ অফিসার দময়ন্তী সেনের তত্ত্বাবধানে তদন্ত করে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ৩ জনকে৷ কিন্তু মূল অভিযুক্ত কাদের খান ও তার সঙ্গী আলি পুলিশের নাগালের বাইরে চলে যায়৷
ঘটনার পর থেকেই ফেরার হয়ে যায় তারা৷ এদিকে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে ১০ বছরের করাদণ্ডের নির্দেশ দেয় আদালত৷ তবে পুলিশ কাদের ও আলির খোঁজ জারি রেখেছিল৷ শেষ পর্যন্ত দেবীপক্ষের সূচনা লগ্নেই দিল্লি পুলিশের সহায়তায় কলকাতা পুলিশ গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে কাদের ও আলিকে৷
সূত্রের খবর, পুলিশের অনুমান ছিল এই দুই অভিযুক্ত দেশ থেকে পালিয়ে যাবে৷ তাই কাদেরের পরিবারের ফোন ট্যাপ করেছিল পুলিশ৷ আর সেই সূত্র ধরেই পুলিশ কাদেরের গাজিয়াবাদে আত্মগোপন করার বিষয়ে নিশ্চিত হয়৷
পুলিশ সূত্রের খবর, টাকার অভাবেই বাড়ির সঙ্গে যোগাযোগ করে কাদের৷ এবং টাকা পেলেই হয়তো দেশ ছেড়ে পালিয়ে যেত সে৷ কিন্তু কীভাবে এতদিন আত্মগোপন করেছিল কাদের ও আলি, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আত্মগোপনে কে বা কারা সহায়তা করেছে, তাও তদন্ত করে দেখা হবে৷ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এই দু’জনকে৷ তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে৷ পুলিশের পক্ষ থেকে কাদের এবং আলিকে জেল হেফাজতে রাখার আবেদনও করা হবে বলে জানা গিয়েছে৷
এখন সুজেট জর্ডনের সুবিচারের প্রতিক্ষায় কলকাতাবাসী৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?