সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা ইস্যুতে সরব হওয়ার জন্য নেটিজেনরা বেছে নেন সোশ্যাল মিডিয়াকেই৷ নারী নির্যাতন থেকে শুরু করে বধূহত্যা- যে কোনও ঘটনায় প্রতিবাদের মাধ্যম হিসেবে ভারচুয়াল দুনিয়ার শক্তি ইতিমধ্যেই প্রমাণিত৷ এবার জয়পুরে আর্ট গ্যালারি ভাঙচুরের প্রতিবাদ করতে সেই সোশ্যাল মিডিয়াকেই বেছে নেওয়া হল৷ নগ্ন ছবি পোস্ট করেই ঘটনার বিরুদ্ধে সরব অসংখ্য মানুষ৷
ন্যুড বা সেমি ন্যুড পেইন্টিং থাকার প্রতিবাদে রাষ্ট্রীয় হিন্দু একতা মঞ্চের সদস্যরা ভাঙচুর চালায় জয়পুরের এক গ্যালারিতে৷ হেনস্তা করা হয় শিল্পীকেও৷ ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ দেখা যায় বহু মানুষের মধ্যে৷ খাজুরাহোর দেশে, বাৎসায়নের
দেশে যে এই ছুৎমার্গ কাম্য নয় এমন মতের আনাগোনা ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়৷ এরপরই প্রতিবাদের এক অভিনব পন্থা বেছে নেন নেটিজেনরা৷ অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্ট করছেন নগ্ন ছবি৷ যে কোনও শিল্পীর আঁকা ছবি বা কোনও মন্দিরগাত্রের ভাস্কর্য দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে #Protestagainstvandalism৷ এই হ্যাশ ট্যাগেই এখন জয়পুরের ঘটনার প্রতিবাদে সামিল দেশবাসী৷
শিল্পের উপর এই আঘাত অবশ্য নতুন নয়৷ মকবুল ফিদা হোসেন থেকে শুরু করে আমির খানের পিকে-আক্রমণের ইতিহাস বেশ দীর্ঘ৷ তাতেই নয়া সংযোজন জয়পুর৷ তবে এবার সোশ্যাল মিডিয়ার এই প্রতিবাদ দেশের আর একটি মুখকেও তুলে ধরল৷ ভাঙচুরের সংস্কৃতি যে এ দেশের নয়, বরং শিল্পকে শিল্পের চোখে দেখাই যে দেশের ঐতিহ্য- তাইই যেন আরও একবার তুলে ধরল ভারচুয়াল দুনিয়া৷ রাজনীতি বহির্ভুত এই প্রতিবাদী মঞ্চ আশার আলো হয়ে উঠেছে এনেকের কাছেই৷ দল-মত নির্বিশেষে যে কোনও ঘটনায় সরব হওয়ার যে নাগরিক পরিসরটি গণতান্ত্রিক পরিবেশে একান্ত কাম্য, অথচ বাস্তবে যেটির অভাব ছিল চোখে পড়ার মতো, তারই যেন পরিপূরক হয়ে উঠেছে এই ভারচুয়াল দুনিয়া৷
সর্বশেষ খবর
-
ওয়েবসাইটে কোথায় এফআইআর কপি? ক্যামাক স্ট্রিট ইস্যুতে পুলিশকে পালটা ইমেল অভিষেকের
-
প্রতিবাদের নামে নিউ ইয়র্কে তেরঙ্গার অপমান! ‘বিরাট মূল্য চোকাতে হবে’, হুঁশিয়ারি দিল্লির
-
মুখে মদের গন্ধ? সাবধান! আরও আধুনিক ব্রেথ অ্যানালাইজার নিয়ে ময়দানে লালবাজার
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় গরহাজির ডেরেক, হাজিরা দেবেন অভিষেক?
-
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১ বছরের মধ্যে সব দপ্তরের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের!