সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফাঁসির সাজা মানে ন্যায় বিচারের নামে ঠান্ডা মাথায় খুন’। ঠিক এই ভাষাতেই সুপ্রিম কোর্টে সওয়াল করল নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত চার আসামি৷ তাদের পক্ষ থেকে শীর্ষ আদালতের আগে দেওয়া প্রাণদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল৷ শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই মামলার কোনও রায় ঘোষণা করা হয়নি৷
জানা গিয়েছে, এই মামলার দোষী সাব্যস্ত অন্যতম দুই আসামি বিনয় কুমার ও পবন কুমার সওয়াল করেছিল৷ তাদের পক্ষ থেকে শীর্ষ আদালতের কাছে যুক্তি দেওয়া হয়েছিল ‘তারা অত্যন্ত কম বয়সী ও দরিদ্র পরিবারের সদস্য’৷ তাদের আইনজীবী এপি সিং দাবি করেছেন যে, এদের বিরুদ্ধে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই৷ ফলে এরা পেশাদার ক্রিমিনাল নয়৷ ফলে শীর্ষ আদালতের উচিত এদের শুধরানোর সুযোগ করে দেওয়া৷ এছাড়া বিশ্বের বহু দেশের আইন থেকেই প্রাণদণ্ডের সাজা লোপ পেয়েছে৷ শীর্ষ আদালতের কাছে এমনই যুক্তি খাঁড়া করেছেন অপরাধীদের আইনজীবী এপি সিং৷ দোষীদের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানান হয়েছে যে, তাঁর জবানবন্দীতে কারও নাম উল্লেখ করেননি নির্ভয়া৷ এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর সিদ্ধার্থ লুথরা জানিয়েছেন, ২০১৭-র মে মাসে নির্ভয়া মামলার রায় ঘোষণা করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ তারপরেও শুক্রবার সুপ্রিম কোর্ট শুনেছেন দোষীদের বক্তব্য৷
২০১২-র ১৬ ডিসেম্বরের রাত দেশের ইতিহাসে অন্যতম কালো দিন হিসাবে এখনও গণ্য করা হয়৷ নিজের প্রেমিকের সঙ্গে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে নির্মম ভাবে গণধর্ষন ও পরে খুন করা হয়েছিল ডাক্তারী পড়ুয়া ‘নির্ভয়া’কে৷ যা প্রশ্ন তুলে দিয়েছিল রাজধানী দিল্লির বুকে মহিলাদের নিরাপত্তা নিয়ে৷ কেবল ভারত নয়, ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছিল বিশ্ব৷ মৃত্যুর সঙ্গে প্রাণপণ লড়াইয়ের পরে ১৬ দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্ভয়ার৷ ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে বাস চালক রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেছিল৷ অপর একজন অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত৷ দোষীদের প্রত্যেকেরই কঠোরতম ফাঁসির সাজা চেয়েছেন নির্ভয়ার বাবা-মা৷
সর্বশেষ খবর
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’