সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে নোট বাতিলকে কেন্দ্র করে নানা ধরনের খবর বাজারে রটছে৷ এক এক সময় কেন্দ্রের এক একটি নির্দেশে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ৷ নোট বাতিলকে ঘিরে যে কোনও গুজবই যেন সাধারণ মানুষের এই অবস্থাকে আরও শোচনীয় করে তুলছে৷
কিন্তু গতকাল রাত থেকে যে খবরটি দেশের সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, তা হল কেন্দ্রের পক্ষ থেকে নাকি নোট বদল করার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে৷ এই খবরেই যখন গোটা দেশ তোলপাড় তখনই শুক্রবার কেন্দ্রর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এখনই টাকা এক্সচেঞ্জ বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার৷ এক আধিকারিক জানিয়েছেন, “সাধারণ মানুষের কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছনোর প্রক্রিয়া ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে৷ যতদিন না টাকার ঘাটতি মিটছে এবং কাজ ১০০ শতাংশ সম্পন্ন হচ্ছে, ততদিন এই নোট বদলের প্রক্রিয়া জারি থাকবে৷”
পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করে নতুন নোট নেওয়ার যে নিয়ম আপাতত চালু ছিল সেই পন্থায় টাকা এক্সচেঞ্জ করা যাবে আরও কয়েকদিন৷ প্রসঙ্গত, একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছিল চলতি মাসের ২৪ তারিখের আগেই ব্যাঙ্কগুলিতে বন্ধ করে দেওয়া হবে নোট টাকা বদলের প্রক্রিয়া৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েন সাধারণ মানুষ৷
আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি পর্যাপ্ত পরিমান নতুন নোট বাজারে চলে আসে তবে এই টাকা বদল প্রক্রিয়া বন্ধ হতে পারে৷ সেক্ষেত্রে প্রতি ব্যাঙ্কের নিজস্ব অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অ্যাকাউন্টে পুরনো টাকা জমা করে নতুন টাকা তুলতে পারেন৷ কিন্তু এদিন এই ধরনের সিদ্ধান্তকে একপ্রকার বাতিল বলেই দাবি করেন আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
হাই কোর্টে হলই না শুনানি, ভোটের আগে কি ছাড়া পাবেন নন্দীগ্রামের কংপ্রার্থী মিলন?
-
UPI লেনদেনে মাশুল বসলে লাভবান হবে কারা? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
-
বন্দুকের আওয়াজেই শুরু সন্ধিপুজো, বীরভূমের এই গ্রামে বৈষ্ণব মতেই হয় মায়ের আবাহন
-
‘কর্ণকুন্তী সংবাদ’ থেকে ‘কচ ও দেবযানী’, শ্রুতিনাটকে শাশুড়ি-বউমার পারফরম্যান্স ভাইরাল মেদিনীপুরে
-
ভেঙে পড়ল আস্ত পাহাড়! প্রকৃতির রোষে বিধ্বস্ত নেপাল, মৃত অন্তত ২৪