সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন নিয়ে বচসার জের। চলন্ত ট্রেনেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফাকহারপুর রেল স্টেশনের কাছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক যাদব। তাঁর বয়স ৩৯ বছর। এদিন রাতে তিনি দিল্লি-সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেনে করে দিল্লির বাঘপতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই তিনি কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের আসনকে কেন্দ্র করে প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে তাঁদের বচসা চলে। এক পর্যায়ে ১৫-২০ জন যুবকের ওই দলটি দীপকের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যান্য যাত্রীরা তাঁকে বাঁচাতে গেলে অভিযুক্তরা তাঁদের উপরও চড়াও হন বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভিতরেই লুটিয়ে পড়েন দীপক। তারপরই ভয় পেয়ে অভিযুক্তরা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। ট্রেনটি খেকরা রেলস্টেশনে পৌঁছলে গুরুতর আহত অবস্থায় দীপককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রেল পুলিশের এক আধিকারিক উধাম সিং তলান বলেন, “ইতিমধ্যেই স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। দীপককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে।”
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?