সংসদে আক্রমণাত্মক মোদি, বাইরে শোরগোল রাহুল-থারুরের

রাফালে নিয়ে একটাও শব্দ নেই কেন, প্রশ্ন রাহুলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৬:৫৮

options
link
সংসদে আক্রমণাত্মক মোদি, বাইরে শোরগোল রাহুল-থারুরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভাতে ভাষণ দিতে গিয়ে বুধবার কংগ্রেস-সহ বিরোধীদের যখন তুলোধোনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন সংসদের বাইরে মোদির পেশ করা তথ্যকে ‘অসত্য’ বলে শোরগোল জুড়ে দিল কংগ্রেস। আরও স্পষ্ট করে বললে সভাপতি রাহুল গান্ধী ও শশী থারুর। পরে রাজ্যসভাতে মোদি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন সংসদের ভিতরেই সরব হন আনন্দ শর্মার মতো শীর্ষ কংগ্রেস নেতা।

Advertisement

[প্রত্যেক ভারতীয়ই জন্মসূত্রে হিন্দু, কাটিয়ারের মন্তব্যে প্রতিক্রিয়া সুব্রহ্মণ্যম স্বামীর]

কী বলছেন রাহুল গান্ধী? তাঁর দাবি, মোদির উচিত এবার কিছু প্রশ্নের উত্তর দেওয়া। শুধুই ভাষণ দিলে আর কাজ হবে না। প্রায় দেড় ঘণ্টার ভাষণে একবারও কেন রাফালে চুক্তি নিয়ে একটিও শব্দ খরচ করলেন না প্রধানমন্ত্রী, প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি। তাঁর আরও অভিযোগ, সাধারণ মানুষের দুর্দশার সুরাহা করার বদলে সংসদে কংগ্রেস তথা বিরোধীদের আক্রমণ করতেই মোদি ব্যস্ত হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, সংসদে দাঁড়িয়ে মোদির এদিনের ভাষণ ছিল আগাগোড়া রাজনৈতিক। কংগ্রেস সভাপতি বলছেন, ‘মোদিজি মাঝেমাঝে ভুলে যান যে উনি শুধুই বিজেপি নেতা নন, এখন উনি প্রধানমন্ত্রী।’

Advertisement

লোকসভা ও রাজ্যসভাতে আজ কংগ্রেসকে কার্যত তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী। লোকসভাতে বলেন, ‘কংগ্রেস ও নেহেরুর জন্য ভারত গণতন্ত্র লাভ করেছে, এটা কি করে কেউ বলতে পারেন? যাঁরা এই কথা বলছেন, তাঁরা কি দেশের ইতিহাসটা পড়েছেন মন দিয়ে? এটা কী ধরণের ঔদ্ধত্য?  সর্দার বল্লভভাই প্যাটেল যদি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে আজ গোটা কাশ্মীরটাই আমাদের হত।’ মোদির এই বক্তব্যে প্রবল চটেছে কংগ্রেস। শশী থারুর বলেন, ‘মোদি দুর্দান্ত বক্তা হতে পারেন। কিন্তু তাঁর বক্তব্য অর্ধসত্য ও ভুল ব্যাখ্যায় ভরা।’ কিন্তু কোনও সমালোচনায় কান না দিয়ে লোকসভার পর রাজ্যসভার ভাষণেও কংগ্রেসকে তীব্র বাক্যবাণে বিঁধেছেন মোদি। খানিকটা হাস্যরস মিশিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রেণুকা শর্মাকে। ঘটনা হল মোদির ভাষণের সময় হাসছিলেন রেণুকাদেবী। যা দেখে স্পিকারকে উদ্দেশ্য করে মোদি বলেন, ‘সভাপতিজি, আপনার কাছে আমার অনুরোধ, রেণুকাদেবীকে থামাবেন না! রামায়ণ সিরিয়ালের পর এমন হাসি শোনার সৌভাগ্য আজ হল আমার।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, আক্রমণাত্মক বিজেপি সাংসদ কাটিয়ার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.