সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে অবশেষে পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস সুবিধা চালু করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনার কবলে পড়লে আহত ব্যক্তি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারবেন। সরকারের আশা এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার অনেক কমে যাবে দেশে।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া কোনও ব্যক্তি এখন থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করানোর সুযোগ পাবেন। দুর্ঘটনার পর প্রথম ৭ দিনের মধ্যে আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে তবেই মিলবে এই সুবিধা। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA), পুলিশ, হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য বিভাগ মিলিতভাবে গোটা বিষয়টি দেখবে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই প্রকল্প বাস্তবায়িত করতে থাকবে নোডাল এজেন্সি। যদি আহত ব্যক্তি এমন কোনও হাসপাতালে ভর্তি হন যা কেন্দ্রের তালিকাভুক্ত নয় সেক্ষেত্রে ক্যাশলেস সুবিধা পাওয়ায় বেশ কিছু শর্ত রাখা হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি জানা যাচ্ছে, অনলাইনের মাধ্যমে পথ দুর্ঘটনায় আহতরা চিকিৎসার সুবিধা নিতে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে পরিবহন দপ্তরের পোর্টালে দুর্ঘটনার যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে আহতকে। এর পর তা খতিয়ে দেখে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়া হবে আহতকে।
উল্লেখ্য, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি গত বছর এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এরপর ১৫ মার্চ পরীক্ষামূলকভাবে চণ্ডীগড়ে এই প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি কেন্দ্রের তরফে। এই ঘটনায় শীর্ষ আদালতের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রকে। চলতি বছরের ১৪ মার্চের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসার সুবিধা চালু করতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে তারপরও সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয় আদালত। কেন্দ্রকে স্মরণ করিয়ে দেওয়া হয় আদালতের নির্দেশ অমান্য করা গর্হিত অপরাধ। ২৮ এপ্রিল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের সচিব-সহ ঊর্ধ্বতন কর্তাদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। রীতিমতো চাপের মুখে পড়ে অবশেষে এই প্রকল্প চালু করল কেন্দ্র।
সর্বশেষ খবর
-
সম্পর্কে ধোঁকা দেওয়া বড় ব্যাপার নয়! পরকীয়া ‘সমর্থন’ করে চরম বিতর্কে রাম কাপুর
-
ট্রেনের জানলায় বর্ষার জলছবি, বন্দে ভারতের আরামদায়ক সফরে ঘুরে দেখুন ভারতের এই ৭ রুট
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?
-
৪০ ডিগ্রিতেই নাজেহাল ইউরোপ! ভারত সহ্য করতে পারলেও গরমে কেন মৃত্যুমিছিল ফ্রান্স-স্পেনে?
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা