Stock Market Update

ইরান যুদ্ধ থামতেই দালাল স্ট্রিটে খুশির জোয়ার! ২৭০০ পয়েন্ট উঠল সেনসেক্স, স্বস্তি রেপো রেটেও

গত চার দিনে মিলিতভাবে সেনসেক্সের সূচকে যা উত্থান হয়েছে, স্রেফ বুধবারই তার থেকে বেশি উঠল সূচক। একদিনেই প্রায় ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১২:৪৬

options
link
ইরান যুদ্ধ থামতেই দালাল স্ট্রিটে খুশির জোয়ার! ২৭০০ পয়েন্ট উঠল সেনসেক্স, স্বস্তি রেপো রেটেও
ফাইল ছবি।

৪০ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর আপাতত শান্তি। দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। এই খবর পেয়েই খুশির জোয়ার ভারতের বাজারে। একমাসেরও বেশি সময় ধরে ধুঁকতে থাকা শেয়ার বাজার ঘুরে দাঁড়াল বুধবার সকালে। আড়াই হাজার পয়েন্টেরও বেশি উঠল সেনসেক্সের সূচক। গত চার দিনে মিলিতভাবে সেনসেক্সের সূচকে যা উত্থান হয়েছে, স্রেফ বুধবারই তার থেকে বেশি উঠল সূচক (Stock Market Update)।

Advertisement

বুধবার ভারতীয় সময় ভোরবেলা যুদ্ধবিরতির ঘোষণা করে দুই পক্ষ। তারপর বিনিয়োগকারীদের আশা ছিল, শেয়ার বাজার থেকেও সুখবর মিলবে। এদিন বাজার খুলতে প্রায় ২৭০০ পয়েন্ট উঠে ৭৭ হাজারের ঘরে পৌঁছে যায় সেনসেক্স। বেলা বাড়তে খানিকটা নেমেছে সূচক, তবে সেটাও যথেষ্ট লাভের ঘরেই রয়েছে। নিফটিও প্রায় ৭৫০ পয়েন্ট বেড়েছে বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই। আপাতত ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালী শর্তসাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে ইরান। ফলে জ্বালানি সরবরাহের পথ অনেকটাই সুগম হবে। সেই আশায় অশোধিত তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি ৯৫ ডলারে নেমেছে। ভারতের বাজারের সূচক উর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ সেটাই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা কমার ইঙ্গিত মিলতেই আবার বাজারে বিনিয়োগ করার সাহস পেয়েছেন বিনিয়োগকারীরা। একদিনেই প্রায় ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে ভারতের বাজারে।

সেনসেক্সে সবুজ ঝড়ের পাশাপাশি বুধবার আমজনতাকে স্বস্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কও। ফেব্রুয়ারি মাসে ঘোষিত রেপো রেট অপরিবর্তিত রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর সঞ্জয় মলহোত্রা। যুদ্ধের জেরে মূল্যবৃদ্ধি এবং অন্যান্য আর্থিক সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এহেন পরিস্থিতিতে সতর্ক থেকে সবদিকে নজর রেখেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে বলে মত রিজার্ভ ব্যাঙ্কের। অর্থাৎ, গতবছর ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। সেটাই বহাল থাকছে।

Advertisement

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা কমার ইঙ্গিত মিলতেই আবার বাজারে বিনিয়োগ করার সাহস পেয়েছেন বিনিয়োগকারীরা। একদিনেই প্রায় ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে ভারতের বাজারে। প্রায় সমস্ত ভারতীয় শেয়ারের দাম বেড়েছে বুধবার। অন্যদিকে দাম কমেছে সোনা-রুপোরও। কেবল ভারত নয়, এদিন জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশের বাজারই উর্ধ্বমুখী হয়েছে। উল্লেখ্য, ভারতের বাজার গত চারদিন থেকেই একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল। তবে যুদ্ধ থামতেই একেবারে তরতরিয়ে এগিয়েছে দালাল স্ট্রিট। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.