Union Budget

একধাক্কায় বাংলাদেশের জন্য বরাদ্দ কমে অর্ধেক কেন? সংসদীয় কমিটির বৈঠকে সরব তৃণমূল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা যখন চ্যালেঞ্জের মুখে, তখন বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন তুলে সংসদীয় কমিটিতে সরব হল তৃণমূল কংগ্রেস।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:২৩

options
link
একধাক্কায় বাংলাদেশের জন্য বরাদ্দ কমে অর্ধেক কেন? সংসদীয় কমিটির বৈঠকে সরব তৃণমূল

কেন্দ্রীয় বাজেটে পড়শি রাষ্ট্র বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা যখন চ্যালেঞ্জের মুখে, তখন বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন তুলে সংসদীয় কমিটিতে সরব হল তৃণমূল কংগ্রেস। সোমবার, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূলের তরফে হাজির ছিলেন দলের রাজ্যসভার উপ-দলনেতা সাগরিকা ঘোষ।

Advertisement

এদিনের বৈঠকের আলোচ্যসূচিতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার সময় বাংলাদেশের জন্য বৈদেশিক সাহায্যের পরিমাণ কেন এত কমিয়ে দেওয়া হয়েছে বলে প্রশ্ন তোলেন সাগরিকা। আরেক পড়শি দেশ ভুটানের জন্য বরাদ্দের পরিমাণ যে দু’হাজার কোটিরও বেশি, সেকথা উল্লেখ করে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ দেশ বলেই তাদের জন্য বরাদ্দ বেশি এমনটা দেশের বৈদেশিক নীতির জন্য ভালো নয় বলেই তিনি মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্র মারফত আরও জানা গিয়েছে, বাংলাদেশর সঙ্গে ভারতের সম্পর্ক যেখানে চ্যালেঞ্জের মুখে, সেখানে বরাদ্দ গতবারের ১২০ কোটির পরিবর্তে এক ধাক্কায় ৬০ কোটি টাকা করে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, বৈঠকে সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি চাবাহার বন্দরের জন্য বাজেটে কোনও বরাদ্দ না করে সরকার আমেরিকার কাছে মাথা নত করেছে বলেও সাগরিকা সরব হয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

একই সঙ্গে তিনি বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় ডায়াসপোরা সঙ্গে সার্বিকভাবে সম্পর্ক রাখার জন্য বাজেট বরাদ্দ আরও বেশি করা উচিত। নয়তো দেশের কূটনীতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে বলেও সাগরিকা বৈঠকে জোরালো সওয়াল করেছেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.