Nepal

নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা

কয়েকদিন আগেই ভারত থেকে নেপালে যাওয়ার সময়ে উত্তরপ্রদেশ সীমান্তে ধরা পড়েছিলেন মার্কিন 'ভাড়াটে' সৈনিক জর্ডন ব্রাউন। এবার ওই পথ দিয়ে ভারতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হলেন পাঁচজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৪:২৫

options
link
নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা
বাহরাইচ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই পাঁচ ব্যক্তি, এমনটাই পুলিশ সূত্রের খবর।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিকের পর খলিস্তানি জঙ্গি! আবারও নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের ছক। কয়েকদিন আগেই ভারত থেকে নেপালে যাওয়ার সময়ে উত্তরপ্রদেশ সীমান্তে ধরা পড়েছিলেন মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক জর্ডন ব্রাউন। এবার ওই পথ দিয়ে ভারতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হলেন পাঁচজন। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন এক মার্কিন নাগরিক এবং এক খলিস্তানিও।

Advertisement

বাহরাইচ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই পাঁচ ব্যক্তি, এমনটাই পুলিশ সূত্রের খবর। তাঁদের মধ্যে অন্যতম বিক্রমজিৎ সিং। ২০২৩ সালে পাঞ্জাবে থানায় হামলার ঘটনায় অভিযুক্ত তিনি। এছাড়াও ওয়ারিস পাঞ্জাব দে নামে এক খলিস্তানি সংগঠনের সঙ্গেও বিক্রমজিতের যোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন এই বিক্রমজিৎ। ওয়ান্টেড তালিকাতেও রয়েছে তাঁর নাম। এবার বৈধ নথিপত্র ছাড়া ভারতে ঢুকতে গিয়ে অবশেষে ধরা পড়লেন বিক্রমজিৎ।

Advertisement

এছাড়াও নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন মার্কিন নাগরিক মনবীর সিং ধিলোঁ। আদতে পাঞ্জাবের বাসিন্দা হলেও বর্তমানে তিনি আমেরিকার নাগরিক। কিন্তু ভিসা ছাড়াই তিনি নেপাল থেকে ভারতে ঢোকার ছক কষছিলেন। নানা কারণে পুলিশের নজর ছিল মনবীরের উপরেও। সেকারণেই ভিসা না নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মনবীর, জেরায় এমনটাই উঠে এসেছে। উল্লেখ্য, সুরেশ কুমার পাঠক, দিলীপ উপাধ্যায় এবং রাহুল কুমার নামে তিন ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, দিনদশেক আগেই উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা থেকে নেপালে যাওয়ার চেষ্ট করেন জর্ডন ব্রাউন নামে এক মার্কিন ব্যক্তি। কিন্তু পাসপোর্ট না থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জেরা করে জানা গিয়েছে, গত নভেম্বর থেকে পাসপোর্ট ছাড়াই ভারতের একাধিক শহরে ঘুরে বেড়িয়েছেন জর্ডন! গ্রেপ্তারির পর ৩৬ বছর বয়সি ওই মার্কিন নাগরিক দাবি করেন, তিনি প্রাক্তন নৌসেনা আধিকারিক। গত বছর ২ নভেম্বর তিনি গোয়ায় পা রাখেন। সেখান থেকে বেঙ্গালুরু হয়ে চলে যান উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে। ফলে প্রশ্ন উঠছে, নেপাল সীমান্ত কি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? বারবার নেপাল সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে কেন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.