Agnimitra Paul

চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল! করা যাবে আবেদন? কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা

যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাঁদের কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৯:৫৮

options
link
চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল! করা যাবে আবেদন? কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা
ফাইল ছবি

নতুন আবেদনকারীদের জন্য কি চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল? এই প্রশ্নের সাফ উত্তর দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নতুন করে আবেদনের জন্য কোনও পোর্টাল চালু হয়নি। পোর্টালের কাজ চলছে। পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে তা জানাবে সরকার।

Advertisement

তিনি ফের একবার জানিয়ে দেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাঁরা সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁদের নতুন করে কোনও ফর্ম ফিলাআপ করতে হবে না। কিন্তু মৃত, স্থানান্তরিত এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন তা ও স্পষ্ট করেন মন্ত্রী। অগ্নিমিত্রা জানান, নতুন আবেদনকারীরদের জন্য নয়া পোর্টাল খোলা হচ্ছে। এখনও সেই পোর্টাল তৈরি নেই। অনেক জায়গায় বলা হচ্ছে পোর্টাল খুলে গিয়েছে। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে জানানো হবে। নতুন আবেদনকারীরা সেই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করবে। দুই তিন মাসের মধ্যে বাজেট হওয়ার পরে নতুন আবেদনকারীরা এই প্রকল্পের টাকা পাবেন।

Advertisement

এছাড়াও ভেরিফিকেশন নিয়েও জল্পনা দূর করেছেন মন্ত্রী। তিনি জানতে পেরেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের একাধিক উপভোক্তা ভেরিফিকেশনের জন্য আইসিডিএস সেন্টার, ডিএম অফিসে গিয়ে ফর্ম ফিলআপ করছেন। এরকমভাবে ফর্ম ফিলআপের কোনও প্রয়োজন নেই বলে জানান তিনি। অগ্নিমিত্রার কথায়, “ভেরিফিকেশনের বিষয় নেই। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাঁদের নামই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়। যাঁরা বিগত সরকারের আমলে ১৫০০ বা ১৭০০ টাকা করে পেতেন তাঁরাই এবার ৩ হাজার টাকা করে পাবেন। যাঁরা সিএএ, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।”

Advertisement

অগ্নিমিত্রা আগেই জানিয়েছিলেন, “৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হবে, তবে তাঁদের নাম এখনই বাদ যাচ্ছে না। তাঁরা প্রকৃত নাগরিক কি না, তা যাচাই করে দেখা হবে।” অর্থাৎ মৃত, স্থানান্তরিত দেশের নাগরিক নয় এমন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মন্ত্রী আরও জানান, ১ জুন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ঢুকবে। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.