সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের বছরপার। সিবিআইকে ‘বোগাস’ বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই একই সুর শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিজেপি নেতার বেসুরো মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু জোর ফিসফিসানি।
শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।”
নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্যাতিতার বাবা-মা এখনও বিচার পাননি। সাধারণ মানুষের বিশ্বাস এই মামলায় সুবিচার হয়নি বলেই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু শাসকদল এই ঘটনা চেপে দিতে চায়। সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে বলে এত কড়াকড়ি। এই আন্দোলন এখন আর কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনআন্দোলনে রূপ নিয়েছে। কতজন মানুষ রাস্তায় নামবেন, তা আন্দাজ করতে পারছে না সরকার। তাই ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল সরকার।”
প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নাইট শিফটে গিয়েছিলেন আর জি করের তরুণী চিকিৎসক। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এরপর ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই সঞ্জয় ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। আর তার জেরেই প্রশ্নের মুখে সিবিআই। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় জড়িত আরও অনেকেই। অথচ সঞ্জয় ছাড়া কারও নাম প্রকাশ্যে আসেনি। সুতরাং, এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলেই দাবি নির্যাতিতার বাবা-মায়ের। সেই একই সুরে এবার আরও একধাপ এগিয়ে তদন্তকারী সংস্থার বদলের দাবি করলেন দিলীপ ঘোষ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে