PM Modi

মোদির জন্মদিনে বঙ্গে মাসব্যাপী কর্মসূচি বিজেপির, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ

একমাস বাড়ি বাড়ি গিয়ে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করবে বিজেপি ও তাদের গণসংগঠনগুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:৪২

options
link
মোদির জন্মদিনে বঙ্গে মাসব্যাপী কর্মসূচি বিজেপির, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে বাংলায় মেগা কর্মসূচি রাজ্য বিজেপির। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (PM Modi Birthday) উপলক্ষে সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে চলবে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। আর এই কর্মসূচিকে সামনে রেখে যুব সমাজের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। বাংলায় ও দিল্লিতে বিজেপি সরকারের সাফল্য যেমন তুলে ধরা হবে বাড়ি বাড়ি, চলবে জনসংযোগ, তেমনই তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করার কাজ চলবে।

Advertisement

একমাস বাড়ি বাড়ি গিয়ে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করবে বিজেপি ও তাদের গণসংগঠনগুলি। সেবা সংকল্প অভিযানে প্রতিটি বুথে, প্রতিটি পরিবার প্রদীপ প্রজ্বলন করবে। ‘আশীর্বাদ কা দিয়া’ অর্থাৎ আশীর্বাদের প্রদীপ। প্রতিটি প্রদীপ হবে নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ এর সম্মিলিত সংকল্পের প্রতীক। ‘আশীর্বাদ কা দিয়া’ এই ভিডিও ক্যাম্পেন করা হবে। যার মূল লক্ষ্য হচ্ছে, বুথ স্তরে সাধারণ মানুষ ও সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পৌঁছনো এবং মোদির দীর্ঘায়ু কামনা করে প্রদীপ জ্বালানো। বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের কাছেও পৌঁছতে চায় বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পার্টির তরফে সার্কুলারে বলা হয়েছে, রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা বুথ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ সদস্যরা প্রতিটি সুবিধাভোগীদের বাড়িতে যাবেন। এবং ‘আশীর্বাদ কা দিয়া’ প্রজ্বলনের আমন্ত্রণ জানাবেন। সকল সুবিধাভোগীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘আশীর্বাদ কা দিয়া’ ভিডিও পাঠানো হবে। দলের কেন্দ্রীয় কার্যালয় হিন্দিতে এই মাস্টার ভিডিও তৈরি করছে। প্রতিটি রাজ্য স্থানীয় ভাষায় সেটা রূপান্তর করবে। তবে ভাব ও দৃশ্য একই থাকবে। তৈরি হচ্ছে থিম সং এবং সংক্ষিপ্ত তথ্যচিত্রও। সারা দেশের মতো এ রাজ্যেও অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এই সেবা সংকল্প অভিযানে। সেখানে যুক্ত করা হচ্ছে এ রাজ্যের শিক্ষা দপ্তরকেও।

Advertisement

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজ এবং বিকশিত ভারতের রূপকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হবে। স্কুলস্তরে হবে প্রতিযোগিতা। পাশাপাশি পথনাটকের মাধ্যমেও চলবে প্রচার। মোদিজির ২৫ বছরের সেবা কাজ, কল্যাণমূলক প্রকল্প ও দেশে আসা পরিবর্তনের গল্প নিয়েই হবে নাটক। কমিউনিটি হল ও জনবহুল স্থানে এই পথ নাটক হবে। এ ছাড়াও প্রতিটি বিধানসভার ব্লক স্তরে হবে সেবা সেতু অভিযান। সেবা সেতু শিবির হবে, সেখানে নাগরিকরা পৌঁছনোর সঙ্গে সঙ্গে যোগ্যতা অনুযায়ী সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী হিসাবে নথিভুক্ত হবেন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও দলকে একই সঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা করা হয়েছে। গোটা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। কর্মসূচির তালিকায় থাকছে পদযাত্রা, বাইক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.