গৌতম ব্রহ্ম: ছোটা ভীম, সুপারম্যান, অ্যাঞ্জেল, ড্র্যাগন৷ রূপকথার চরিত্রদের বাস্তবে ফুটিয়ে তুলবে শিশুরা৷ মনে হতেই পারে এ আর এমন কী? শিশুরা তো এই চরিত্রগুলি নিয়ে আকছার অনুষ্ঠান করে৷
আসলে এই শিশুরা কেউই ‘সাধারণ’ নয়৷ প্রত্যেকেই ভয়ঙ্কর রক্তের ক্যানসারে আক্রান্ত৷ এনআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ বয়স পাঁচ থেকে চোদ্দো৷ আরও বড় কথা হল, এঁদের রূপকথার চরিত্রে সাজিয়ে তুলেছেন একজন সরকারি চিকিৎসক৷ এনআরএসের হেমাটোলজি বিভাগের সেই চিকিৎসক প্রান্তর চক্রবর্তী তাঁর খুদে রোগীদের নিয়ে আজ, শনিবার রবীন্দ্রসদনে অনুষ্ঠান করবেন৷ নাম ‘হিলিং উইথ সং, আর্ট অ্যান্ড ডান্স’৷ প্রান্তরবাবু জানালেন, “ক্যানসার রোগীদের মন ভাল রাখাটা খুব জরুরি৷ এর জন্য ডাক্তার-রোগী সম্পর্ক মজবুত হওয়া চাই৷ তাই এই প্রকল্প হাতে নিয়েছি৷” এই প্রথম নয়, মেডিক্যাল কলেজে থাকার সময়ও প্রান্তরবাবু খুদে রোগীদের নিয়ে অনুষ্ঠান করেছেন৷ এনআরএসে গিয়েও করলেন৷ খুলে দিলেন নতুন জানলা৷ যেখান থেকে অবিশ্বাসের ধোঁয়া বেরিয়ে যাবে৷ নতুন করে লেখা হবে ডাক্তার-রোগী সম্পর্কের স্ত্রিপ্ট৷ এমনটাই জানালেন রোগীদের অভিভাবকরা৷
চারদিকে যখন ডাক্তার-রোগীর সম্পর্ক নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে৷ অবিশ্বাসের ধোঁয়া নড়িয়ে দিয়েছে সম্পর্কের ভিত সেখানে একজন সরকারি চিকিৎসকের এভাবে রোগীদের নিয়ে অনুষ্ঠান করাটা অবশ্যই নজির৷ কয়েকমাস ধরে হাসপাতালের ভিতরই প্রস্তুতি চলেছে৷ বৃহস্পতিবারও দিনভর চলেছে মহড়া৷ মাস্ক পরে শিশুরা রিহার্সাল করেছে এনআরএসের অডিটোরিয়ামে৷ মঞ্চস্থ করা হবে একটি নাটকও৷
সর্বশেষ খবর
-
পরচুলা পরতেন বলেই খুন কেতন? ‘মোটিভ’ নিয়ে নয়া তত্ত্ব, মুখ খুললেন প্রয়াত তরুণের বাবা
-
বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক
-
টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান পাশ! মাথায় ‘ক্যামাক স্ট্রিটে’র হাত? পুলিশ হেফাজতে কালী
-
গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকে খেলবেন না মেসি! বিকল্প ভাবছেন কোচ স্কালোনি
-
‘অগ্নির সঙ্গে একদিন সিনেমা নিয়ে বসব’, পুরমন্ত্রীকে নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন ঋতুপর্ণা?