Park Street

ভূমিকম্পে দুর্বল! দোলের সকালে পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠানো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৩:৫৩

options
link
ভূমিকম্পে দুর্বল! দোলের সকালে পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি
পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি।

দোলের সকালে পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের বাড়ির একাংশ। যদিও ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই খবর। তবে ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্ক স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।

Advertisement

এদিন ছুটির দিন থাকায় তেমন কর্মব্যস্ততা ছিল না। এমনকী ওই বাড়িটিতেও কেউ ছিলেন না। সেই সময়ে হঠাৎ করেই বাড়িটির ছাদের অংশ ভেঙে পড়ে বলে দাবি স্থানীয়দের। কীভাবে ঘটনাটা ঘটল, তা বুঝে উঠতে পারেননি অনেকেই। স্থানীয়দের দাবি, বাড়িটি অন্তত ১৫০ বছরের পুরনো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একটা অংশ একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রতিবেশীদের কথায়, এরমধ্যেই গত ২৭ ফেব্রুয়ারি জোর ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। সেই সময়েই বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়ে। তার জেরেই এদিন সকালে ছাদের অংশ থেকে বাড়িটির একাংশ ভেঙে পড়ে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এলাকাবাসী।

Advertisement

বলে রাখা প্রয়োজন, সোমবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে ভেঙে পড়ে কংক্রিটের চাঙড়। এই ঘটনায় পথচারী এবং গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, ভূমিকম্পের জেরেই স্টেশনের কংক্রিটের চাঙর ভেঙে পড়েছে? যদিও এই বিষয়ে মেট্রোর তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ।

শহরে এমন বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। বারবার এই ধরনের ঘটনা ঘটায় সতর্কতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই বিষয়ে একাধিক সময়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছে কলকাতা পুরসভা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.