বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক, জামাইষষ্ঠীর মুখে চিন্তায় লিচু বিক্রেতারা

হঠাৎ নিপার জন্য বেসামাল বাজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৮, ১৯:৪৯

options
link
বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক, জামাইষষ্ঠীর মুখে চিন্তায় লিচু বিক্রেতারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপোয় মারে দই আর নিপায় মারে লাভের কড়ি। সামনের ঝুড়িতে সার দিয়ে সাজানো থোকা থোকা লিচু। চলছে রমজান। আসছে জামাইষষ্ঠী। তার উপর বেজায় গরম। এ সময় তো মরশুমি ফলের চাহিদা বাড়ারই কথা। বৃহস্পতি তুঙ্গে থাকার কথা লিচু বিক্রেতাদের। কিন্তু বৃহস্পতিবারের বারবেলায় যেন বিষণ্ণ তাঁরা। কলকাতায় কেউ নিপায় আক্রান্ত হয়েছেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে গুজবে বেড়েছে আতঙ্ক। আর তার জেরেই এক ধাক্কায় বিক্রি কমেছে বেশ খানিকটা।

Advertisement

[  নিপা ভাইরাসে আক্রান্ত হলে কী উপসর্গ দেখা দেয়? কীভাবে মোকাবিলা করবেন? ]

Advertisement

 কেরলের নিপা ইতিমধ্যেই দারুণ আতঙ্ক ছড়িয়েছে কলকাতায়। বামপন্থার নাহয় বেঙ্গল লবি আর কেরল লবি আছে। তা বলে ভাইরাসের তো আর লবির বালাই নেই। সুতরাং বিরোধিতাও নেই। কার ঘাড়ে যে থাবা বসাবে নিপা, তার ঠিক নেই। ফলে যেখানে দেখিবে জ্বর, সেখানেই লাগে ডর। খটকা লাগে, নিপার ছোবল নয়তো! কলাকাতা-সহ রাজ্যবাসী রীতিমতো এই আতঙ্কে কাঁপছে। এদিকে আজই বেলেঘাটা আইডি-তে এক যুবককে জ্বর নিয়ে ভরতি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, নিপার দৌরাত্ম্য চলে এসেছে কলকাতাতেও। যদিও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এটা নিপায় আক্রান্তের ব্যাপার নয়, কিন্তু আতঙ্ক কমছে না। ফলে ট্রেনে-বাসে-মেট্রোয় জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় নানা উপদেশের ছড়াছডি। সেখানে অবধারিত ভিলেন বাদুড়। তা ব্যাটম্যানের লোভ নাকি লিচুতেই বেশি, আর তার কোপ পড়েছে বিক্রেতাদের পকেটে। বাদুড়ের ছোঁয়া থেকেই ছড়াচ্ছে নিপা, বিশেষত লিচুর মাধ্যমে, এ খবর চাউর হতেই লিচু থেকে মুখ ফিরিয়েছে বাঙালি। কিনতে গিয়েও দোনামোনা করে কেউ ব্যাগ ফিরিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার কিনছেন বটে, তবে সবরকম ছোঁয়াচ বাঁচিয়ে।

Advertisement

[  বেলেঘাটার হাসপাতালে অজানা জ্বরে ভরতি যুবক, নিপা ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক ]

অথচ এই সময়টাতেই লিচুর বাজার তুঙ্গে থাকা উচিত। একে গরমের মরশুমি ফল। অন্যদিকে সামনেই জামাইষষ্ঠী। চলছে রমজান মাস। ফলে ফলের চাহিদা বাড়াই উচিত। একেবারে যে তলানিতে তা নয়। তবে বেশি কোপটা পড়েছে লিচুর উপরই। সেন্ট্রাল কলকাতার এক বিক্রেতা কাঁচুমাচু মুখে জানাচ্ছেন, হঠাৎ কী হল জানি না। আজ তো আর কেউ কিনতেই চাইছেন না। একই ছবি দক্ষিণেও। গড়িয়াহাটা অঞ্চলের বিক্রেতা বলছেন, রেগুলার কাস্টমাররাও লিচুর দিকে মুখ তুলে চাইছেন না। অন্য ফলের বিক্রি তবু আছে।কিন্তু লিচুর নয়। কারণটা বিক্রেতাদের অনেকের কাছেই অজানা। তবে উল্টোডাঙা অঞ্চলের এক বিক্রেতা বলছেন, কোথা থেকে কি নিপা নাকি এসেছে, লিচুর বাজার পুরো চৌপাট! লিচু বাগানেই বাদুড়ের বাস। আর বাদুড়ের ছোঁয়া পেলেই সর্বনাশ। এই সমীকরণেই লিচু থেকে মুখ ফিরিয়েছে বাঙালি। ভাগ্যিস রমজান চলছে তাই রক্ষে, তাও বিক্রি একেবারে বন্ধ হয়নি। কিন্তু বিক্রেতাদের আশা যে তাতে পূরণ হচ্ছে না তা স্পষ্ট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.