নখের আঁচড়ের সূত্র ধরে বেলেঘাটায় ডাকাতির তদন্তে গোয়েন্দারা

গোয়েন্দা গল্পের ধাঁচে...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৭, ০৩:৩৫

options
link
নখের আঁচড়ের সূত্র ধরে বেলেঘাটায় ডাকাতির তদন্তে গোয়েন্দারা

স্টাফ রিপোর্টার: ডাকাতকে আঁচড়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল দশ বছরের বালিকা সুষমা। সেই আঁচড়ের চিহ্নের সূত্র ধরেই ডাকাতের সন্ধান চালাচ্ছেন বেলেঘাটা থানার আধিকারিক ও লালবাজারের গোয়েন্দারা। চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বাধা দেওয়ায় তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করার চেষ্টাও করে দুষ্কৃতী। বালিকার কাছ থেকে বিবরণ শুনে পুলিশ শিল্পী দুষ্কৃতীর ছবি এঁকেছেন। ওই ছবি দেখে খবর নিয়ে পুলিশ অনেকটাই নিশ্চিত যে, সে পূর্ব কলকাতার একটি জায়গার বাসিন্দা। তার আস্তানার সন্ধান চালাচ্ছে পুলিশ।

Advertisement

[চাকরির লোভ দেখিয়ে পাঞ্জাবের তরুণীকে আটকে রাখার অভিযোগ কেষ্টপুরে]

Advertisement

অনেক সময়ই দুষ্কৃতী ধরা পড়ার পর সে অপরাধের বিষয়টি স্বীকার করতে চায় না। সেই ক্ষেত্রে বালিকার শরীরে দুষ্কৃতীর আঁচড়ের চিহ্ন দেখে তাকে শনাক্ত করা অনেকটা সহজ হতে পারে বলে আশা গোয়েন্দাদের। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সুষমা নামে ওই বালিকার মুখ ও হাত বেঁধে বেলেঘাটার চাউলপট্টি রোডের একটি বাড়িতে দেড় লাখ টাকার সোনার গয়না লুঠপাট করে এক দুষ্কৃতী। বালিকা পুলিশকে জানিয়েছে, সে একতলায় বিছানার উপর বসে মোবাইলে গেম খেলছিল। তখনই বাইরের গেট খুলে দুষ্কৃতী ওই যুবক ঘরের ভিতরে ঢোকে। পিছন থেকে ডাকাত তার মুখ চেপে ধরে। নিজেকে বাঁচাতে দুষ্কৃতীর শরীরে আঁচড়ে দেয় সে। তখন ডাকাত তাকে ধাক্কা দেয়। বালিকা একটি সেলাই মেশিনের উপর গিয়ে পড়ে। সে পালানোর চেষ্টা করতেই বিছানা থেকে বালিশ নিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে সে। বালিকার গলাও টিপে ধরে ডাকাত। প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বালিকা। তখন বিছানার উপর একটি গামছা দিয়ে তার মুখ বেঁধে দেয় সে। তার পর অন্য একটি গামছা দিয়ে তার হাতও বেঁধে ফেলে সে।

Advertisement

ডাকাত তার সঙ্গে কোনও অস্ত্র নিয়ে এসেছিল কি না, তা নিয়ে পুলিশ ধন্দে। সেই ক্ষেত্রে গোয়েন্দাদের ধারণা, অভিযুক্ত মাদকাসক্ত হতে পারে। এমনকী, সে বিভিন্ন সময়ে চুরির সঙ্গেও যুক্ত থাকতে পারে। বালিকা বাধা দেওয়ায় তাকে বেঁধে ফেলে। এমনকী, শ্বাসরোধের ফলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে ধারণা গোয়েন্দাদের। এর আগেও বাধা পেয়ে শহরের একাধিক বৃদ্ধ ও বৃদ্ধাকে একইভাবে খুনের চেষ্টা বা খুন করেও ডাকাতি করেছে দুষ্কৃতীরা। এবার তারা বালক বা বালিকাদের নতুন ‘সফট টার্গেট’ করতে পারে। তাই এই ডাকাতকে গ্রেপ্তারের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[রেজিস্ট্রি বিয়ে বাতিল করে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, তরুণীর রহস্যমৃত্যু]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.