CM Suvendu Adhikari

শুভেন্দু নয়, মার্কিন বিদেশ সচিবের জন্য যান নিয়ন্ত্রণ! ভুয়ো পোস্ট উড়িয়ে জানাল কলকাতা পুলিশ

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর গাড়ি যাওয়ার জন্য ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। তা ভুয়ো বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৮:৫৮

options
link
শুভেন্দু নয়, মার্কিন বিদেশ সচিবের জন্য যান নিয়ন্ত্রণ! ভুয়ো পোস্ট উড়িয়ে জানাল কলকাতা পুলিশ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় নয়। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োর কনভয় যাওয়ার কারণে, নিরাপত্তার স্বার্থে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল। এ ছাড়াও চিংড়িঘাটা এলাকায় মেট্রো কাজের জন্য যান নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানাল কলকাতা পুলিশ। শনিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর গাড়ি যাওয়ার জন্য ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। তা ভুয়ো বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

Advertisement

শনিবার সামাজিক মাধ্যমে এধাধিক পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হতে থাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় যাবে বলে ৪৫ মিনিট ধরে রাস্তা বন্ধ। পোস্টগুলিতে দাবি করা হয়, অফিস টাইমে পিজি হাসপাতাল থেকে এয়ারপোর্টগামী রাস্তা ও ভিআইপি রোড, ইএম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে রাখা হয়। এমনকী অ্যাম্বুল্যান্সও যেতে দেওয়া হয়নি। সেই পোস্টগুলির তলায় ক্ষোভ উগড়ে দিতে থাকেন নেটনাগরিকরা।

Advertisement

এ দিন রবিবার সকালে কলকাতা পুলিশের তরফে একটি পোস্ট করে জানানো হয়, ওই পোস্টগুলি ভুয়ো। ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কলকাতা পুলিশের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এই দাবিটি মিথ্যা। ভুল তথ্য।’ আরও লেখা হয়েছে, ‘যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবের নিরাপত্তার জন্য। এছাড়াও, চিংড়িঘাটায় চলা মেট্রো সংক্রান্ত কাজের কারণেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।’ কলকাতা পুলিশের তরফে এই পোস্ট শেয়ার না করার জন্যও আবেদন জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গতকাল শনিবার ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। তিনি কলকাতার মাদার হাউসে আসেন। তারপর উড়ে যান দিল্লি। সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.