মনোনয়নের নামে প্রহসন চলছে, মমতাকে কাঠগড়ায় তুলে তোপ মুকুলের

পালটা দিলেন অনুব্রত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৮, ১৩:৪১

options
link
মনোনয়নের নামে প্রহসন চলছে, মমতাকে কাঠগড়ায় তুলে তোপ মুকুলের

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ‘মনোনয়নের নামে প্রহসন চলছে রাজ্যে। পুলিশ বলছে নিরাপত্তা দিতে পারব না। সুপ্রিম কোর্ট, হাই কোর্টের নির্দেশকে আজ মান্যতা দেওয়া হল না। বাংলার সম্মান আজ ধুলোয় মিশে গেল।’- রাজ্য জুড়ে শাসক দলের হাতে বিজেপি কর্মীদের নিগ্রহের অভিযোগে এই ভাষাতেই সোমবার সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়। অশান্তির জন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে তাঁর অভিযোগ, এদিন সকাল থেকে ৩২০টি বিডিও অফিস, ৬২টি এসডিও অফিসের দখল নেয় তৃণমূল গুন্ডারা। মুকুলবাবুর বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী। একটা ঘটনাও ঘটেনি তাঁর নির্দেশ ছাড়া। উনি কিছুই মানছেন না।’ যাবতীয় অভিযোগ লিখিত আকারে রাজ্য নির্বাচন কমিশনকে জমা দিচ্ছে বিজেপি।

Advertisement

[‘রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির অবস্থা’, দিলীপের দাবির পালটা ফিরহাদের]

বস্তুত আদালতের নির্দেশে আজ ১১টা থেকে ৩টে পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছিল। কিন্তু সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে একের পর এক অশান্তির খবর আসতে থাকে। অগ্নিগর্ভ হয়ে ওঠে সিউড়ির ১ নম্বর ব্লক। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়, চলে গুলিও। গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মুকুল রায় এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন, মৃত শেখ দিলদার বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য। তাঁর মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল। দিলীপ ঘোষের দাবি দিলদার গত তিন বছর ধরে জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার পদে ছিলেন। বিজেপির অভিযোগ, বাংলা জ্বলছে। গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরে শ্যামসুন্দর গড়াই-সহ জখম আরও দুই বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনা হচ্ছে। দিলীপ ঘোষের দাবি, ঝাড়খন্ড থেকে লোক আনা হয়েছে বলে তৃণমূল মিথ্যা প্রচার করছে। মৃতকে নিয়ে নোংরা রাজনীতি করে দিলদারকে নিজেদের কর্মী বলছে তৃণমূল। বিজেপির মোট ১২৫১ জন কর্মী আহত হয়েছেন এখনও পর্যন্ত। মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। হিংসার ঘটনার ভিডিও ক্লিপিংস নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ইতিমধ্যেই কোথায় কোথায় অশান্তি হয়েছে, তার তথ্য-সহ পুস্তিকা তৈরি করে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব, দাবি বিজেপি রাজ্য সভাপতির।

Advertisement

[পঞ্চায়েত ভোটের মনোনয়ন LIVE: রক্তাক্ত সিউড়ি, রাজনৈতিক কর্মীর মৃত্যু ঘিরে তরজা]

এদিকে, বীরভূমে বসে পালটা সাংবাদিক বৈঠকে শেখ দিলদার তাঁদের দলের লোক বলে দাবি করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মৃতের স্ত্রীকে পাশে বসিয়ে তাঁর দাবি, এই গ্রামের কোনও মেয়ে বিজেপি করে না। দিলদারের বউমা তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বলে দাবি করেন তিনি। ভিনরাজ্য থেকে গুন্ডা এনে বিজেপি তাঁদের কর্মীকে খুন করেছে, এই অভিযোগে পুলিশে এফআইআর দায়ের করছে জেলা তৃণমূল। অনুব্রত বলেন, ‘বিজেপি বলছে মৃত নাকি ওদের সংখ্যালঘু সেলের কর্মী। সংখ্যালঘুরা বিজেপিতে করছেটা কী? রাজ্যের সংখ্যালঘু সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। মৃতের বাবাকে সব শিখিয়েছে বিজেপি।’ অনুব্রত এই কথা বলার খানিকক্ষণ আগেই মৃতের বাবা তৌহিদ খান দাবি করেন, তাঁর ছেলে বিজেপি করত। সবমিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার অতিরিক্তি দিনেও হিংসার আঁতুড়ঘর সেই বীরভূম। আজই বীরভূমের দিকে রওনা দিয়েছেন ফিরহাদ হাকিম। মনোনয়নে অশান্তি করে বিরোধীরা ভোট প্রক্রিয়াকে বাতিল করতে চায় বলে তোপ দেগেছেন তিনি। এদিকে, মনোনয়নের সময়সীমা পেরলেও বিরোধীরা মনোনয়ন পেশ করতে পারেনি বলে ভোটের আগেই আনন্দে মেতেছে আমোদপুরের তৃণমূল সমর্থকরা। সাংসদ বাবুল সুপ্রিয়কেও আজ আসানসোলের বারাবনির বিডিও অফিসে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। টুইট করে তাঁর অভিযোগ, বিডিও অফিসের রাস্তায় বসে রয়েছেন তৃণমূলকর্মীরা। ফলে প্রবল যানজটে বিরোধীরা বিডিও অফিসের কাছাকাছি যেতেই পারছেন না।

Advertisement

মুকুল রায়ের বক্তব্যের ভিডিও দেখুন:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.