সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে কসবায় মহিলা খুনের কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হযেছে শম্ভু কয়াল নামে এক ব্যক্তিকে। মহিলার ফ্ল্যাটে সাফাইকর্মীর কাজ করত সে। পুলিশ জানাচ্ছে, টাকা ধার দেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। তার জেরেই মহিলার মাথা বারবার দেওয়ালে ঠুকে পরে মুখে বিলাশ চাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। খুনের কথা জেরার মুখে স্বীকারও করেছে শম্ভু।
[ ইদে পাঁচদিন ছুটি দিচ্ছে রাজ্য! ভুয়ো নোটিস নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ ]
কসবার টেগোর পার্কের অভিজাত এলাকায় বাস শীলা মজুমদারের। এমনিতে আত্মীয়ের বাড়ি সল্টলেকেই থাকতেন সপ্তাহের বেশিরভাগ দিন সপ্তাহান্তে ঘুরে যেতেন কসবার ফ্ল্যাটে। নিজের ফ্ল্যাটেই খুন হয়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় সরকার অফিসার। মৃতের এক বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন। বহুক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়া নেই। খটকা লাগে বন্ধুটির। তিনিই পরে ওই প্রৌঢ়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সেই সঙ্গে বাড়ির মধ্যে একাধিক অসঙ্গতি। গ্যাস সিলিন্ডারের পাইপটি খোলা ছিল। পাইপের সঙ্গে একটি দড়িও লাগানো ছিল। ফ্ল্যাটে এলে একাই থাকতেন মহিলা। তাঁর একমাত্র ছেলে থাকেন ভিনদেশে। খবর যায় পুলিশে। মৃতার ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু মা খুন হয়েছে জেনেও তিনি আসতে নারাজ হন। এদিকে একলা বৃদ্ধা খুন হওয়ার পিছনে ঠিক কী কারণ থাকতে পারে তা সন্ধানে নামে পুলিশ। অনুমান করা হয়, খুনি বৃদ্ধার পূর্ব পরিচিত। তবে বাইরে থেকে লোক এনে ডাকাতি করা বা ওই ধরণের ঘটনা ঘটানোর ছক ছিল বলেও মনে করা হচ্ছিল। নানা জল্পনা মাথাচাড়া দিচ্ছিল। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছিল।
[ বানতলার লেদার কমপ্লেক্স এলাকায় ভয়াবহ আগুন, আতঙ্কে স্থানীয়রা ]
তবে ২৪ ঘণ্টার মধ্যেই রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হল শম্ভু কয়ালকে। সে ওই ফ্ল্যাট ও আশেপাশের বেশ কয়েকটি ফ্ল্যাটে সাফাইকর্মীর কাজ করত। মহিলার সঙ্গে তার সম্পর্ক ভালই ছিল। এমনকী মহিলার দরকারে শম্ভু টাকাও ধার দিত। কিন্তু এই দেনাপাওনাই কাল হল। পুলিশ জানাচ্ছে, সম্প্রতি শম্ভুর থেকে ২৭ হাজার টাকা ধার নিয়েছিলেন মহিলা। কেন ধার নিয়েছিলেন তা স্পষ্ট নয়। শম্ভু সে টাকা দিয়েও দিয়েছিল। কিন্তু ফেরত দিতে গড়িমসি করেন মহিলা। এর আগেও মহিলা টাকা ধার নিয়েছেন। শোধও করে দিয়েছেন। কিন্তু এবার টাকা শোধ না দেওয়ায় বিপাকে পড়ে শম্ভু। বাড়িতে না জানিয়েই সে টাকা ধার দিয়েছিল। বাড়ির চাপের মুখে পড়েই মহিলাকে চাপ দিতে থাকে সে। এই নিয়ে তাদের বচসা বাধে। বচসার জেরে মহিলার মাথা দেওয়ালে বারবার ঠুকে দেয় সে। তাতেই নিস্তেজ হয়ে পড়েন মহিলা। এরপর মুখে বালিশ চাপা দিয়ে খুন করে মহিলাকে। পুলিশের নজর ঘোরাতে এরপর দুর্ঘটনার তত্ত্ব খাড়া করে সে। গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে রাখা ইত্যাদি কাজ করে। যদিও পুলিশের চোখকে ধুলো দিতে পারল না আততায়ী। তাকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
হার্ট নিয়ে চিন্তা? ওষুধ নয়, পাতে এই ১১ ফল রাখলেই কেল্লাফতে!
-
বন্যা বিপর্যয়ে নেপালের নিশানায় চিন-ভারত-আমেরিকা! চাইল জলবায়ু ক্ষতিপূরণও
-
পুজোর পরই রাজ্যে পুরভোট! জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন
-
‘চিরশত্রু’ কুণালের মুখে কেক, রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠতেই পালটা ‘পাটকেল’ শ্রীলেখার
-
‘নেপাল ইজ কলিং’, পাশে দাঁড়াতে বিশ্বের পর্যটকদের কাছে আবেদন ট্যুরিজম বোর্ডের