স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে৷ সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে৷ আবহাওয়াবিদদের আশঙ্কাই সত্যি হয়েছে৷ বঙ্গোপসাগরের উপরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে৷ তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷
আপাতত দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করছে নিম্নচাপটি৷ শক্তি বাড়িয়ে সেটি কোনদিকে যাবে এখনই তা বলতে পারছে না আবহাওয়া দফতর৷ তবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলিতেও৷ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে তা অপর একটি নিম্নচাপের প্রভাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ইতিমধ্যেই প্রয়োজনের তুলনায় পাঁচ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গে৷ আরও বেশি বৃষ্টি হলে কৃষিতে ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ কোথাও কোথাও বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে৷ একটানা বৃষ্টিতে কিছুটা অসুবিধেয় পড়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও৷ মূর্তি শুকোতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁদের৷
রাজ্যের উপকূলবর্তী এলাকা বিশেষ করে সুন্দরবনের কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে৷ উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো সমুদ্র সৈকতে যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে৷ জল বাড়তে পারে দামোদর, কংসাবতীরও৷ ক’দিন আগেই ডিভিসি জল ছাড়ায় অসুবিধায় পড়েছিলেন বহু মানুষ৷ ফের সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন প্রশাসনিক কর্তারা৷
সর্বশেষ খবর
-
খাবারে চুল! প্রতিবাদ করায় পুরীর হোটেলে অন্তঃসত্ত্বাকে বেধড়ক ‘মার’
-
কেন্দ্রীয় বাহিনী নয়, বঙ্গে পুরভোট সামলাবে রাজ্য পুলিশই!
-
নিম্নচাপের বৃষ্টি, দোসর ভরা কোটালে গঙ্গাসাগরে ভাঙল বাঁধ, নোনা জলে প্লাবিত চাষের জমি-গ্রাম
-
বন্ধুর জন্য সঙ্গী খুঁজছেন? বানিয়ে ফেলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, জানাচ্ছে হালের ‘ডেট মাই ফ্রেন্ড’ ট্রেন্ড
-
পুরভোটের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! কলকাতায় নতুন এসিপি, বিশেষ নজর উত্তরবঙ্গে