মাঝ রাস্তায় ব্রেক ডাউন, ‘চেতনা’ আটকে যাওয়ায় দুর্ভোগ মধ্যমগ্রামে

জগদ্দলে রেল গেটে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ১৩:৫৩

options
link
মাঝ রাস্তায় ব্রেক ডাউন, ‘চেতনা’ আটকে যাওয়ায় দুর্ভোগ মধ্যমগ্রামে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্য ছিল যাত্রীদের টিকিট পরীক্ষা করা। কিন্তু মাঝরাস্তায় ব্রেক ডাউন। পরীক্ষক পৌঁছাতে পারল না পরীক্ষাকেন্দ্র থুড়ি স্টেশনে। রেলের টিকিট পরীক্ষা ভ্যান ‘চেতনা’ বিকল হয়ে যাওয়ায় ব্যস্ত সময়ে চূড়ান্ত দুর্ভোগে পড়লেন বনগাঁ ও হাসনাবাদ শাখার যাত্রীরা।

Advertisement

[দুর্গাপুরে গীতাঞ্জলির শো রুমে হানা ইডির, বাজেয়াপ্ত কিছু নথি]

Advertisement

এদিন ওই ট্রেনটি নিউ ব্যারাকপুর থেকে বারাসতের দিকে যাচ্ছিল। মধ্যমগ্রাম স্টেশনে ঢোকার কিছু আগে আচমকা ‘চেতনা’-র ব্রেক ডাউন হয়। আপ লাইনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় বাধে বিপত্তি। ওই বিশেষ ট্রেনের পিছনে পরপর দাঁড়িয়ে পড়ে কয়েকটি ট্রেন। বিরাটি, বিশরপাড়া-সহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে। ডাউন লাইন অর্থাৎ শিয়ালদহ যাওয়ার গাড়ি পেতে সমস্যা না হলেও আপ লাইনে গণ্ডগোলের জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বেলা পর্যন্ত ‘চেতনা’ মেরামতির কাজ শুরু হয়নি। দীর্ঘক্ষণ এই অবস্থা চলতে থাকায় ধৈর্য হারিয়ে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইন বরাবর হাঁটতে হাঁটতে গন্তব্যের দিকে এগোতে থাকেন। এর ফলে বনগাঁ ও হাসনাবাদ শাখায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টিকিট পরীক্ষার জন্য এই বিশেষ ভ্যান রেলযাত্রীদের কাছে পরিচিত। তবে টিকিট পরীক্ষার আগে ‘চেতনা’-র এই অচেতন অবস্থা যাত্রীদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে। শুরু হয়েছে নানা মশকরা।

Advertisement

[দৌলতাবাদের দেহ দেখে আতঙ্ক, ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোনোর সময় দগ্ধ ৩]

chetona train

বনগাঁ এবং হাসনাবাদ শাখার মতো এদিন সকালে দুর্ভোগে পড়েন শিয়ালদহের মেন লাইনের যাত্রীরা। জগদ্দল স্টেশনের ২৬ নম্বর লেভেল ক্রসিং গেটের তার ছিঁড়ে যায়। তাতে বাধে বিপত্তি। গেট না ওঠায় অফিস টাইমে আটকে বহু গাড়ি। স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করেন। গেট বিকল হওয়ায় ট্রেন চালানো হচ্ছে অত্যন্ত ধীর গতিতে। এর ফলে প্রতিটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট দেরিতে চলছে।  ট্রেন লেটের কারণে প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়েছে। একই দিনে জোড়া ঘটনায় রেলের পরিষেবা নিয়ে মুখ খুলেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, ভাড়া বাড়ানো হলেও সামান্য ত্রুটি-বিচ্যুতির বিষয়গুলিকে গুরুত্বই দেয় না রেল। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও তাই রেলগেট মেরামতি হয় না। মাঝরাস্তায় আটকে পড়ে ‘চেতনা’।

[পুড়ে ছাই দেবী চৌধুরানির মন্দির, আগুনের গ্রাসে ইতিহাসের স্মৃতি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.