Herbal Shampoo

চুল পড়া থেকে খুশকি, হাজারো সমস্যা থেকে রেহাই পেতে ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ এই শ্যাম্পু

বিজ্ঞাপনী ঝলকে মজে অনেকেই বাজারের নানা শ্যাম্পু মাথায় দেন। আর শুভ্র-সফেন ফেনা দেখে ভাবেন, বাহ, ভারী ভালো তো! আদতে কাঁচকলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:১০

options
link
চুল পড়া থেকে খুশকি, হাজারো সমস্যা থেকে রেহাই পেতে ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ এই শ্যাম্পু
বাড়িতেই বানান এই ভেষজ শ্যাম্পু। জানুন কীভাবে বানাবেন?

মাথার চুল নিয়ে কে কবে মাথা ঘামিয়েছে? প্রশ্নটা নিজেই নিজেকে করুন। তিরিশের আগে কেউ আমরা সেভাবে কেশচর্চা নিয়ে আগ্রহ দেখাই কি? অথচ ঠিক যখন অকারণেই চুল ঝরতে শুরু করে, তখনই টনকটি নড়ে। বিজ্ঞাপনী ঝলকে মজে অনেকেই বাজারের নানা শ্যাম্পু মাথায় দেন। আর সাদা-সফেন ফেনা দেখে ভাবেন, বাহঃ, ভারী ভালো তো! আদতে কাঁচকলা। নামী ব্র্যান্ডের রাসায়নিক মিশ্রিত প্রসাধন সাময়িক জেল্লা দিলেও দীর্ঘমেয়াদে চুলের দফারফা করে দেয়। অল্প সময়েই মাথার চুল পাতলা হয়ে গিয়ে প্রায় টাক পড়ার মতো অবস্থা দাঁড়ায়। এই সমস্যা থেকে রেহাই পাওয়া অত সহজ নয়। তবে, সম্ভব অবশ্যই।

Advertisement

কী করবেন?
আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ আর অনিয়মিত খাদ্যাভ্যাস চুলের প্রধান শত্রু। এর সঙ্গে দোসর হয়েছে থাইরয়েড ও হরমোনের ভারসাম্যহীনতা। স্টাইলিংয়ের জন্য ব্যবহৃত হিটিং টুলস চুলের গোড়াকে দুর্বল করে দেয়। বাজারের শ্যাম্পুতে থাকা সালফেট ও প্যারাবেন চুলের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। এই সমস্যার যমজ উত্তর হল আয়ুর্বেদ। আমলকী, রিঠা ও শিকাকাইয়ের ত্রিফলা মিশ্রণ চুলের যাবতীয় সমস্যার অব্যর্থ দাওয়াই। এর সঙ্গে মেথি আর জবা ফুলের গুনাগুণ যোগ হলে তা হয়ে ওঠে প্রকৃতির সেরা কন্ডিশনার।

Advertisement
DIY Herbal Shampoo for Healthy and Shiny Hair
প্রতীকী ছবি

বাড়িতেই বানান ভেষজ শ্যাম্পু
এই জাদুকরী শ্যাম্পু (Herbal Shampoo) তৈরি করা অত্যন্ত সহজ। আমলকী, শিকাকাই, রিঠা, জবা ফুল এবং মেথি পরিমাণমতো নিয়ে এক মগ জলে সারারাত ভিজিয়ে রাখুন। এতে ভেষজ উপাদানগুলির নির্যাস জলে মিশে যাওয়ার সুযোগ পায়। পরের দিন সকালে এই মিশ্রণটি ৫-৭ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিন। জল টগবগ করে ফুটলে আয়ুর্বেদিক গুণাগুণ আরও সক্রিয় হয়। এরপর মিশ্রণটি ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। সবশেষে এতে কিছুটা অ্যালোভেরা জেল এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি আপনার ভেষজ শ্যাম্পু। হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে বাঁচাবে।

Advertisement
Homemade Herbal Shampoo for Healthy Hair
ফাইল ছবি

জানতে হবে ব্যবহারের সঠিক নিয়ম
সাধারণ শ্যাম্পুর মতোই এটি চুলে লাগান। রিঠার উপস্থিতির কারণে এতে প্রাকৃতিক ফেনা হবে, যা স্ক্যাল্পের তেলতেলে ভাব দূর করে নিমেষে। মিনিট তিনেক হালকা হাতে মাসাজ করে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই পদ্ধতি মেনে চললে তফাত চোখে পড়বে কয়েক দিনেই। ব্যয়বহুল ট্রিটমেন্ট বা রাসায়নিকের সাহায্য ছাড়াই আপনার চুল হয়ে উঠবে রেশমের মতো মসৃণ। আমলকীর ভিটামিন সি এবং শিকাকাইয়ের পুষ্টি নতুন চুল গজাতেও সাহায্য করে। পকেটের সাশ্রয় আর চুলের স্বাস্থ্য— দুই একসঙ্গে বজায় থাকবে নিশ্চিন্তে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.