Kalipuja 2024

দীপান্বিতা লক্ষ্মীপুজোয় ভিন্নস্বাদের ভোগ রাঁধবেন? রইল রকমারি রেসিপি

কম সময়েই বাজিমাত করুন সুগৃহিণীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ১৭:৪২

options
link
দীপান্বিতা লক্ষ্মীপুজোয় ভিন্নস্বাদের ভোগ রাঁধবেন? রইল রকমারি রেসিপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপান্বিতা লক্ষ্মীপুজোতেও ভোগ রাঁধেন অনেকে। কিন্তু প্রতিবার একই পদ বানিয়ে একঘেয়ে লাগছে? কুছ পরোয়া নেহি! মুশকিল আসান সংবাদ প্রতিদিন ডট ইন। আমাদের কাছে জেনে নিন রকমারি ভোগের চটজলদি রেসিপি।

Advertisement

দুধ পোলাও

Advertisement

Advertisement

উপকরণ
দেরাদুন চাল (১ কাপ), দুধ ফোটানো (দেড় লিটার), গোটা গরমমশলা (২ চামচ), স্টার অ্যানিস (৪-৫টা), কিশমিশ (১ চামচ), কড়াইশুঁটি (২ চামচ), ঘি (৪ চামচ), নুন (আধ চামচ), চিনি (স্বাদমতো), মিল্কমেড (৩ চামচ)

প্রণালী
প্রথমে চাল ভালো করে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে পাত্রে ঘি গরম করে গরমমশলা ও স্টার অ্যানিস ফোড়ন দিন। গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে কড়াইশুঁটি, কিশমিশ, চাল দিয়ে অল্প নেড়ে নিন। ওর মধ্যে এবার ফুটিয়ে রাখা দুধটা দিন। নুন-চিনিও দিন। এবার পাত্রের ঢাকনা আটকে রাখুন, ঢিমে আঁচ রাখুন। ধোঁয়া বেরোতে শুরু করলে বুঝবেন পোলাও তৈরি। আঁচ থেকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখুন। পরে ঢাকনা খুলে মিল্কমেড ছড়িয়ে পরিবেশন করুন।

হিংয়ের কচুরী

উপকরণ-
ময়দা- ১০০ গ্রাম, সন্ধব লবণ- ২ চিমটি, চিনি- ১ চিমটি, ঘি- ২ টেবিলচামচ, বিউলির ডালের গুঁড়ো- ৭৫গ্রাম, হিং – ৫গ্রাম, কালোজিরে – ১ চিমটি, ভাজার জন্য তেল।

প্রণালী-
ময়দা, চিনি, নুন, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে পরিমানমতো জল দিয়ে কচুরির জন্য একটি নরম ডো তৈরি করে নিন। এবার সেই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। অন্য একটি ছোট পাত্রে বিউলির ডালের গুঁড়ো, হিং, নুন-চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ময়দার বলগুলো হাতে নিয়ে চ্যাপ্টা করে তাতে পুরের মিশ্রণটা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিন। এবার গোল করে বেলে নিন। এভাবে সবগুলো কচুরির সাইজে গড়ে নিয়ে কড়াইতে পরিনামমতো তেল গরম করে ডুব তেলে ভেজে তুলুন।

স্বর্ণালী পনির

উপকরণ
পনির, ভাজা মসলা (ভাজা বাদাম-ধনে-জিরা-পোস্ত বীজ-সাদা তিলেরগুঁড়ো), টমেটো পিউরি, আদাবাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন-চিনি (স্বাদমতো), কাঁচা লঙ্কা, সাদা তেল,
চেরি টমেটো

প্রণালী
প্রথমে একটি প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা বাদামি করে ভাজুন। শুকনো লঙ্কা ফোঁড়ন দিন, এবার এতে আদা ও কাঁচালঙ্কা দিন। টমেটো পিউরি এবং দই যোগ করুন এবং ভালভাবে কষান। প্রয়োজনমতো নারকেলের দুধ ও লঙ্কাগুঁড়ো দিন। এবার গরমমশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার পনির যোগ করে নেড়ে নিন।

নিরামিষ আলুর দম

উপকরণ-
ছোট আলু – ১৫০ গ্রাম, টম্যাটো- ১০০গ্রাম, পেঁয়াজ কুচি- ২টো (মাঝারি পেঁয়াজ), ধনেগুঁড়ো- ৫ গ্রাম, আদাবাটা- ১০গ্রাম, কাঁচালঙ্কা বাটা- ৫গ্রাম (স্বাদঅনুযায়ী), ভাজা জিরেগুঁড়ো – ৫ গ্রাম, হলুদগুঁড়ো- ৫গ্রাম, কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো- ৫গ্রাম, ঘি – ৫০গ্রাম, সন্ধব নুন-চিনি (স্বাদমতো), ধনেপাতা কুচি সামান্য।

প্রণালী-
প্রথমে আলু সেদ্ধ করে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ করা আলু অল্প নুন-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার একই কড়াইতে অল্প ঘি দিয়ে তাতে প্রথমে আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ুন। অল্প ভাজা হলে তাতে পেঁয়াজকুচি মেশান। সোনালী রং করে ভাজুন। এবার সেদ্ধ করা ভাজা আলু দিন। তাতে একে-একে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। কষে এলে অল্প জল দিন। এবার তাতে টম্যাটো কুচি, ভাজা জিরেগুঁড়ো ও স্বাদমতো নুন-চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। ঢাকা দিয়ে অল্প আঁচে ৪ মিনিট রান্না করুন। হালকা গা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ও অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে এই সিজনে ফ্রোজেন মটরশুঁটি দিতে পারেন।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.