Mango Peels Recipes

গরমে আম তো খাবেনই, কিন্তু খোসা ফেলে না দিয়ে বানান এই ৫ পদ

আট থেকে আশি। 'আ'-এ আমটি খেতে কার না ভালো লাগে? গরমের ক্লান্তি ভুলিয়ে দিতে মরশুমি এই ফলটির জবাব নেই। সাধারণত আম খেয়ে তার খোসা ফেলে দিতেই বাঙালিরা অভ্যস্ত। অথচ, একটু কায়দা জানলে ব্রাত্য এই খোসা দিয়েই তৈরি হতে পারে জিভে জল আনা হরেক পদ। রইল সুলুক সন্ধান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২০:৩৪

options
link
গরমে আম তো খাবেনই, কিন্তু খোসা ফেলে না দিয়ে বানান এই ৫ পদ
আম খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? জ্যাম থেকে আমচুর, রইল ৫ রেসিপি।

আট থেকে আশি। ‘আ’-এ আমটি খেতে কার না ভালো লাগে? গরমের ক্লান্তি ভুলিয়ে দিতে মরশুমি এই ফলটির জবাব নেই। সাধারণত আম খেয়ে তার খোসা ফেলে দিতেই বাঙালিরা অভ্যস্ত। অথচ, একটু কায়দা জানলে ব্রাত্য এই খোসা দিয়েই তৈরি হতে পারে জিভে জল আনা হরেক পদ। তাছাড়া আমের খোসা পুষ্টিগুণে ভরপুর। তাই, আম খেয়ে খোসাটি ফেলবেন না। রইল খোসা দিয়ে বানানো পাত পেড়ে খাওয়ার কিছু সুলুক সন্ধান।

Advertisement
ছবি: সংগৃহীত

চিলকে কি সবজি
গুজরাটি হেঁশেলে আমের খোসা দিয়ে তৈরি সবজির দারুণ কদর রয়েছে। যাকে তারা বলে ‘চিলকে কি সবজি’। কী করে রাঁধবেন? প্রেসার কুকারে খোসাগুলো সামান্য সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে হিং আর চেনা সব মশলার ফোড়ন দিন। সেদ্ধ খোসা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি চমৎকার তরকারি। রাতে গরম গরম রুটির সঙ্গে এই পদ জমবে বেশ।

Advertisement
ছবি: সংগৃহীত

চটপটে চাটনি
দুপুরের ভাতের পাতে যদি একটু চাটনি না থাকে, তবে বাঙালির খাওয়াটাই বারোটা পাঁচ। আমের খোসা দিয়ে বানিয়ে ফেলুন চটপটে চাটনি। কীভাবে রাঁধবেন? কড়াইতে সরষে ফোড়ন, রসুন আর কাঁচা লঙ্কা দিন। এবার গুড়, তেঁতুল আর খোসা একসঙ্গে কষিয়ে নিলেই তৈরি টক-মিষ্টি-ঝাল চাটনি। পরোটার সঙ্গে এই চাটনির কোনও তুলনা হয় না।

Advertisement
ছবি: সংগৃহীত

আম-খোসার ক্যান্ডি
বাচ্চাদের জন্য বানাতে পারেন মনের মতো ক্যান্ডি। খোসা সেদ্ধ করে চিনির ঘন সিরায় ডুবিয়ে রাখুন। রস ঢুকে গেলে তুলে নিয়ে ওপর থেকে গুঁড়ো চিনি ছড়িয়ে শুকিয়ে নিন। বাচ্চাদের এই ক্যান্ডি ভীষণ পছন্দের।

ছবি: সংগৃহীত

আমের খোসার জ্যাম
আবার খোসা ফুটিয়ে ঘরেই তৈরি করতে পারেন জ্যাম। জল, লেবুর রস, আদা বা দারুচিনি দিয়ে খোসা ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হবে জেলির মতো মিশ্রণ। সকালে পাউরুটিতে মাখিয়ে খাওয়ার জন্য এটি আদর্শ। নতুন নতুন রেসিপি তৈরির আগ্রইহ থাকলে, খোসা ভিনেগারে ভিজিয়ে সালাদ ড্রেসিং বানাতে পারেন। কিংবা চিনির সিরায় ফুটিয়ে তৈরি করতে পারেন মকটেলের ট্রপিক্যাল সিরাপ।

ছবি: সংগৃহীত

রান্নার স্বাদ বাড়াতে আমচুর
এছাড়াও আপনি চাইলে আমের খোসা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। কিংবা ওভেনে ক্রিম্পি করে তা পাউডার হিসেবে সংগ্রহ করতে পারেন। ওই পাউডার আপনি যেকোনও রান্নায় স্বাদ বাড়াতে ব্যবহার করুন। চাটমশলা হিসেবেও এই আমচুর অতুলনীয়।

তবে একটা কথা মাথায় রাখা জরুরি। বাজার থেকে কেনা আমে অনেক সময় রাসায়নিক বা কীটনাশক থাকে। তাই খোসা ব্যবহারের আগে তা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে ভুলবেন না যেন!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.