Australia

আইভিএফ নয়, স্বাভাবিক গর্ভধারণেই জন্ম ৪ কন্যাসন্তানের! নজির গড়ে কেমন আছেন মা?

একদিনেই দ্বিগুণ হয়ে গেল তাঁদের সংসার, আর চিকিৎসাবিজ্ঞান পেল এক বিরল ঘটনার নতুন অধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২০:৫৯

options
link
আইভিএফ নয়, স্বাভাবিক গর্ভধারণেই জন্ম ৪ কন্যাসন্তানের! নজির গড়ে কেমন আছেন মা?
বিরল নজির। ছবি: সংগৃহীত

একটি সন্তানের অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু আলট্রাসাউন্ড রিপোর্ট জানাল, আসছে এক-দু’জন নয়, একসঙ্গে চারটি সন্তান! শুধু তাই নয়, চারজনই হুবাহু একরকম। এমন বিরল গর্ভধারণের সম্ভাবনা ১ কোটি ৫০ লক্ষে একজনের হতে পারে। অস্ট্রেলিয়ার এক ৩৪ বছর বয়সি মায়ের জীবনে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা, যা চিকিৎসকদেরও বিস্মিত করেছে।

Advertisement

গত ১৪ জুলাই অস্ট্রেলিয়ার ব্রিসবেনের রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেনস হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন জনিটা সাউ না’আমোয়ানা। হাসপাতাল সূত্রে জানা গেছে, চারটি শিশুই হুবাহু একইরকম (Identical Quadruplets)। অর্থাৎ, একটি নিষিক্ত ডিম্বাণু থেকেই চারটি ভ্রূণের সৃষ্টি হয়েছে। আরও আশ্চর্যের বিষয়, চারটি শিশুই মায়ের গর্ভে একটি মাত্র প্লাসেন্টা ভাগ করে বেড়ে উঠেছে। এমন ঘটনা বিশ্বজুড়েই অত্যন্ত বিরল।

Advertisement

সবচেয়ে বড় চমক, এই গর্ভধারণের জন্য কোনও ধরনের আইভিএফ বা প্রজনন-সহায়ক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি। সবকিছুই ঘটেছে সম্পূর্ণ স্বাভাবিকভাবে। চিকিৎসকদের ধারণা, অস্ট্রেলিয়ায় স্বাভাবিক গর্ভধারণের মাধ্যমে সম্পূর্ণ একইরকম দেখতে চার সন্তানের জন্মের এটিই সম্ভবত প্রথম নথিভুক্ত ঘটনা।

Advertisement
natural identical quadruplets one in 15 million
চারজনই সুস্থ। ছবি: সংগৃহীত

হাসপাতালের চিকিৎসক ডা. বেনডালের কথায়, জনিটার আগেই চার সন্তান ছিল। এমনকী তিনি তখনও তাঁর এক সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন। তাই এক সন্তানের বদলে চারটি সন্তানের খবর পেয়ে পরিবার যেমন অবাক হয়ে যায়, তেমনই বিস্মিত হন চিকিৎসকরাও।

তবে এই বিস্ময়ের আড়ালে ছিল বড় উদ্বেগ। কারণ, একই প্লাসেন্টা ভাগ করে বেড়ে ওঠা চার অভিন্ন ভ্রূণের গর্ভধারণ অত্যন্ত উচ্চ-ঝুঁকিপূর্ণ। এমন ক্ষেত্রে মা ও শিশুদের নানা জটিলতার আশঙ্কা থাকে। তাই গোটা গর্ভাবস্থায় জনিটাকে বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

সব আশঙ্কাকে পিছনে ফেলে গর্ভাবস্থার ২৮ সপ্তাহ ৪ দিনে জন্ম নেয় চারটি সুস্থ কন্যাসন্তান। চিকিৎসকদের কথায়, এত জটিল গর্ভধারণের পর মা ও চার শিশুর সুস্থ থাকা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে বড় সাফল্য।

জনিটা ও তাঁর স্বামী জোরথামের আগে থেকেই চার সন্তান ছিল, যাদের বয়স এক থেকে দশ বছরের মধ্যে। নতুন চার কন্যাসন্তানের আগমনে তাঁদের পরিবারের সন্তানের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। একদিনেই যেন দ্বিগুণ হয়ে গেল তাঁদের সংসার, আর চিকিৎসাবিজ্ঞান পেল এক বিরল ঘটনার নতুন অধ্যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.