FAFO Parenting

নিজের ভুল থেকেই শিখবে সন্তান! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’

আজকালকার মা-বাবারা অনেক সময় সন্তানদের আগলে রাখতে গিয়ে তাঁদের স্বনির্ভর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান। ফ্যাফো পেরেন্টিং বলছে ঠিক তার উলটো কথা। কী এই সম্পর্কের নয়া সমীকরণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:৩৮

options
link
নিজের ভুল থেকেই শিখবে সন্তান! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
ফাইল ছবি

ছোটবেলা মানেই বড়দের অনুশাসন। কাকা-জ্যাঠার তীব্র নজরদারি। আর পান থেকে চুন খসলেই কঞ্চির ছপাৎ ছপ। আমাদের ছেলেবেলা কমবেশি সকলের এভাবেই কেটেছে। সন্তানকে মানুষের মতো ‘মানুষ’ করার জন্য বাবা-মায়েরা ছিনেজোঁকের মতো পিছনে পড়ে থাকতেন।। আজকাল কিন্তু চিত্রটা অন্যরকম। এমনকী বদল এসেছে সম্পর্কের চেনা ছকেও। আধুনিক যুগে মা-বাবারা বেছে নিচ্ছেন নতুন এক পন্থা। নাম তার ‘ফ্যাফো পেরেন্টিং’ (FAFO)। মূলত ‘ফাক অ্যারাউন্ড অ্যান্ড ফাইন্ড আউট’— এই শব্দবন্ধ থেকেই নামটির উৎপত্তি। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও, এই কৌশলের মূল কথা হল সন্তানকে নিজের ভুল থেকে শিখতে দেওয়া। অতি-সতর্কতা ছেড়ে সন্তানকে কিছুটা ‘খোলা আকাশ’ দেওয়ার নামই ফ্যাফো।

Advertisement
FAFO Parenting: The key to this strategy is to let your child learn from his or her mistakes
ছবি: সংগৃহীত

কী এই নয়া ট্রেন্ড?
মা-বাবারা অনেক সময় সন্তানদের আগলে রাখতে গিয়ে তাঁদের স্বনির্ভর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান। ফ্যাফো পেরেন্টিং বলছে ঠিক তার উলটো কথা। এখানে সন্তানকে তার নিজের মতো কাজ করার স্বাধীনতা দেওয়া হয়। এর ফলে তারা কাজ করতে গিয়ে নানা ভুল করে। আর এই ভুল থেকেই সরাসরি শিক্ষা নেয় সেই শিশু। ধরা যাক, কোনও শিশু জেদ করে শীতের দিনে সোয়েটার পরছে না। ফ্যাফো পদ্ধতিতে মা-বাবা তাকে কোনও রকম জোর করবেন না। বাইরে গিয়ে যখন তার ঠান্ডা লাগবে, সে নিজেই বুঝবে সোয়েটার পরা কেন জরুরি ছিল।

Advertisement

সুবিধাগুলো কী কী?
এই পদ্ধতির সবচেয়ে বড় গুণ হল আত্মবিশ্বাস। ছোটবেলা থেকেই যখন একটি শিশু নিজের সিদ্ধান্তের ফল নিজে ভোগ করে, তখন তার মধ্যে বিচারবুদ্ধি তৈরি হয় দ্রুত। সে স্বাধীনভাবে ভাবতে শেখে। জীবনের ছোট ছোট সমস্যায় সে ঘাবড়ে যায় না। বরং নিজেই সমাধান খুঁজতে চেষ্টা করে। এতে শিশুর মানসিক বিকাশ দ্রুত হয়।

Advertisement
While FAFO parenting increases self-reliance, it also has some risks. Sometimes, parental indifference can create loneliness in the child's mind
ছবি: সংগৃহীত

অসুবিধাও আছে
তবে মুদ্রার উলটো পিঠও রয়েছে। ফ্যাফো পেরেন্টিং-এ যেমন স্বনির্ভরতা বাড়ে, তেমনই এর কিছু ঝুঁকিও রয়েছে। অনেক সময় মা-বাবার উদাসীনতা শিশুর মনে একাকিত্ব তৈরি করতে পারে। যদি ভুলের মাশুল খুব বেশি হয়, তবে শিশুর মনে ভয়ও জাঁকিয়ে বসতে পারে। তৈরি হতে পারে মানসিক অসুস্থতা। তাই বিশেষজ্ঞদের মতে, সব ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা ঠিক নয়। যেখানে শারীরিক আঘাত বা বড় কোনও বিপদের সম্ভাবনা নেই, শুধুমাত্র সেখানেই এই কৌশল কার্যকর।

সম্পর্কের রসায়নে অনুশাসন আর স্বাধীনতার ভারসাম্য বজায় রাখাই আসল কথা। সন্তানকে আগলে রাখা প্রয়োজন, কিন্তু তার ডানা ছাঁটা নয়। ফ্যাফো পেরেন্টিং সেই ভারসাম্যের কথাই আলাদা করে মনে করিয়ে দিচ্ছে। ভুল করুক সন্তান, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সে যেন পরবর্তী জীবনে নিজেকে মেলে ধরতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.