গোল করেও গুরুতর চোট এমবাপের, নেপথ্যে ‘লাইটস্প্রে’! নতুন এই বুটের বিশেষত্ব কী?
নতুন বুটে খেললে চোটের কবলে পড়তে পারেন, আগেই সতর্ক করে দিয়েছিলেন ফিজিও।
তুরস্কের বিরুদ্ধে গোল করে ফ্রান্সকে জেতালেন কিলিয়ান এমবাপে। কিন্তু ম্যাচের পর ফরাসি তারকার গোলের চেয়ে বেশি আলোচনা তাঁর নতুন বুট নিয়ে। নাইকির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে সম্প্রতি সুইৎজারল্যান্ডের সংস্থা ‘অন’-এর বুটে পা দিয়েছেন ফরাসি তারকা। আর সেই নতুন বুটে খেলতে নেমেই বাঁ হাঁটুতে চোট পেলেন। প্রশ্ন উঠছে, বুট বদলের সঙ্গে কি চোটের কোনও যোগসূত্র রয়েছে?
আরও পড়ুন:
রিয়াল মাদ্রিদের মেডিক্যাল পরীক্ষায় জানা গিয়েছে, এমবাপের বাঁ হাঁটুর পোস্টেরিয়র ক্যাপসুলে অতিরিক্ত টান পড়েছে। চলতি বছরের শুরুর দিকেও হাঁটুর চোটে তিনি। ফ্রান্স কোচ জিনেদিন জিদানও ম্যাচের পরে চিন্তায় ছিলেন। কিংবদন্তি কোচ জানান, শট নেওয়ার সময় এমবাপের হাঁটু অতিরিক্ত প্রসারিত হয়েছিল। চোটের পরে হাঁটুর যে ফোলাভাব দেখা দিয়েছে, তা খুব একটা স্বস্তিদায়ক নয়।
চোট কতটা গুরুতর, তা নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ক্লাবের চিকিৎসকদের ধারণা, মাঠে ফিরতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে ২৭ বছরের এমবাপের। ফলে আন্তর্জাতিক বিরতির পরে রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর প্রত্যাবর্তন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের পাশাপাশি রিয়াল মাদ্রিদও এখন তাঁর চোটের দিকে কড়া নজর রাখছে।
নতুন বুটে খেললে চোটের কবলে পড়তে পারেন এমবাপে। আগেই সতর্ক করে দিয়েছিলেন স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট অ্যাঞ্জেল ভিলানুয়েভা। নাইকি ছেড়ে ‘অন’-এর সঙ্গে এমবাপে যোগ দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের ব্যবহৃত বুটের স্টাড, কুশনিং, শক্তপোক্ত কাঠামো ও ওজনে হঠাৎ পরিবর্তন এলে খেলোয়াড়ের বায়োমেকানিক্স বদলে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে পা, গোড়ালি এবং হাঁটুর উপরেও।
আরও পড়ুন:
তবে এত সহজে সরলীকরণ করাও উচিত নয়। এমবাপের চোটের জন্য নতুন বুটকেই দায়ী করার মতো কোনও নিশ্চিত প্রমাণ এখনও নেই। ম্যাচে শট নেওয়ার সময় হাঁটুর অতিরিক্ত প্রসারণই চোটের তাৎক্ষণিক কারণ হতে পারে। নতুন বুটের সঙ্গে চোটের সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত ভাবে বলার আগে আরও চিকিৎসা-তথ্য ও বিশ্লেষণের প্রয়োজন। ফলে আপাতত বিষয়টি জল্পনার স্তরেই রয়েছে।
প্রযুক্তির দিক থেকেও এমবাপের নতুন ‘অন লাইটস্প্রে কেএম প্রোটোটাইপ’ বেশ অভিনব। প্রচলিত পদ্ধতিতে চামড়া কাটা, সেলাই বা আঠা ব্যবহার না করে রোবোটিক আর্মের সাহায্যে থার্মোপ্লাস্টিক ফিলামেন্ট স্প্রে করে তাঁর পায়ের মাপ অনুযায়ী তৈরি হয়েছে বুটের আল্ট্রা-থিন, সিমলেস আপার। সংস্থার দাবি, এই লাইটস্প্রে প্রযুক্তিতে প্রচলিত বুটের তুলনায় কার্বন নিঃসরণও কমানো সম্ভব।
প্রায় দু’দশক ধরে নাইকির মার্কুরিয়াল সুপারফ্লাই পরে খেলেছেন এমবাপে। সেই পরিচিত বুটের কুশনিং, স্টাড ও গ্রিপের সঙ্গে নতুন ‘অন’ বুটের কাঠামোগত পার্থক্য রয়েছে। এখন দেখার, চোট সারিয়ে মাঠে ফিরলে কোন বুটে আস্থা রাখেন ফরাসি অধিনায়ক। ‘অন’-এর নতুন বুটটি আপাতত বাজারে আসছে না। ২০২৭-এর শুরুতে সাধারণ গ্রাহকরা হয়তো কিনতে পারবেন। তার আগে এই প্রোটোটাইপের কার্যকারিতা নিয়ে যে পরীক্ষা চলবে, সন্দেহ নেই।