কর্মী সংগঠনের প্লাটিনাম জুবিলির আলোয় নতুন এক সংকল্পের ছবি আঁকল কলকাতার আয়কর ভবন। শুধু ফাইলের স্তূপ আর করের হিসেব-নিকেশ নয়, এবার ঘরের চৌকাঠ পেরিয়ে সামাজিক দায়বদ্ধতার আঙিনায় পা রাখল ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (আইটিইএফ), বেঙ্গল সার্কেল। ৭৫ বছর পূর্তির বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বুধবার ধর্মতলার আয়কর ভবন চত্বরে আয়োজিত হল এক বর্ণময় ওয়াকাথন ও বৃক্ষরোপণ কর্মসূচি।
আরও পড়ুন:
সকালের নরম আলোয় সাদা পায়রা উড়িয়ে এই অভিনব পদযাত্রার সূচনা করেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার (এডমিনিস্ট্রেশন) আশুতোষ সাহু। তাঁর হাত ধরেই শুরু হয় এক সুস্থ ও সবুজ পৃথিবীর লক্ষ্যে হাঁটা। শুধু পদযাত্রা নয়, এ ছিল সুস্থ জীবনযাপন আর পরিবেশ রক্ষার এক জোরালো আহ্বান। এরপর আয়কর ভবন প্রাঙ্গণে রূপায়িত হয় বৃক্ষরোপণ উৎসব। একের পর এক চারাগাছ রোপণ করা হয়, যা আগামী প্রজন্মের জন্য এক টুকরো নিটোল অক্সিজেন ব্যাঙ্ক গড়ে তোলার অঙ্গীকার।
অনুষ্ঠানে আশুতোষবাবু স্পষ্ট জানান, জলবায়ু বদল ও দূষণের গ্রাস থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। সুস্থ থাকতে রোজ হাঁটার অভ্যাসও জরুরি। অন্যদিকে, ফেডারেশনের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী সংগঠনের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, ৭৫ বছরের এই যাত্রাপথে কর্মীদের স্বার্থরক্ষার পাশাপাশি সামাজিক কর্তব্যকেও তাঁরা সমান গুরুত্ব দিয়েছেন। উৎসবের আবহে তাই মিশে গিয়েছে সমাজ সচেতনতা।
শুধু কলকাতা নয়, এদিন পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন আয়কর দফতরেও একযোগে ছড়িয়ে পড়েছিল এই সবুজের আবাহন। বছরভর এমন নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজের মাধ্যমে নিজেদের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চায় এই সংগঠন। এদিনের এই পরিবেশবান্ধব উদ্যোগ উপস্থিত সকলের বুকেই এক ইতিবাচক ও সুন্দর আগামীর স্বপ্ন বুনে দিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের