Biswa Bangla Logo

পালাবদলে ভোলবদল! ইস্ট-মোহন মেগা লড়াইয়ের আগেই যুবভারতী থেকে সরল ‘বিশ্ববাংলা’ লোগো

বিজেপির বঙ্গজয়ের পর বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ববাংলা লোগো। এবার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সরে গেল এই লোগো।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৪:৫৮

options
link
পালাবদলে ভোলবদল! ইস্ট-মোহন মেগা লড়াইয়ের আগেই যুবভারতী থেকে সরল ‘বিশ্ববাংলা’ লোগো
বিশ্ববাংলা লোগো সরে যুবভারতীতে বসল অশোকস্তম্ভ। নিজস্ব চিত্র।

তৃণমূল সরকারের আমলে রাজ্যে চালু হয়েছিল ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড লোগো। স্কুলের পোশাক, সরকারি নথিপত্র, বিভিন্ন দপ্তরের চিঠিপত্র এবং নানা সরকারি প্রকল্পে এই লোগো চোখে পড়ত। লোগোটিতে ‘ব’ অক্ষরের নকশার উপর ছোট আকারে অশোক স্তম্ভের প্রতীকও যুক্ত ছিল। তবে বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূলকে পরাস্ত করে বাংলায় বিজয়রথ বিজেপির। ভারতীয় জনতা পার্টির বঙ্গজয়ের পর বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ববাংলা লোগো। এবার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সরে গেল এই লোগো।

Advertisement

তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে রাজ্যের ‘ব’ লোগোতে বেসরকারি হস্তক্ষেপ ছিল। তার বৈধতা নিয়ে দানা বাঁধে তীব্র বিতর্ক। জানা গিয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার এই লোগোটি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারে। যদি সেটি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে লোগোটি ফিরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। সেটিই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

বলে রাখা ভালো, ফল ঘোষণার পর থেকে সব দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের সরকারি কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছিল। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার পাঠানো ওই চিঠিতে নাকি লোগোর ব্যবহার করা হয়নি। তারপর থেকেই লোগো বদলের চর্চা আরও জোরাল হয়। পূর্ববর্তী ‘বিশ্ববাংলা’ লোগোটির নকশার সঙ্গে ছোট অশোকস্তম্ভের ছবি সংযুক্ত থাকত। সেই লোগোই অপরিহার্য হয়ে উঠেছিল। কিন্তু পালাবদলের সঙ্গে সঙ্গে তার ভোল বদলে গেল। 

রবিবার ডার্বি। চলতি মরশুমে আইএসএল কে জিতবে, তা নির্ধারিত হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে। সময় যত এগোচ্ছে, ততই বড়ম্যাচের উত্তাপ বাড়ছে। টিকিটও প্রায় শেষের মুখে। তার আগে যুবভারতী থেকে সরে গেল বিশ্ববাংলা লোগো। রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি দপ্তর ও স্থাপনা থেকে ‘বিশ্ববাংলা’ লোগোটি সরিয়ে দেওয়া হয়েছে। এর পরিবর্তে এখন রাজ্যের স্কুল ইউনিফর্ম, সরকারি ওয়েবসাইট এবং সরকারি চিঠি বা নথিতে শুধুমাত্র জাতীয় প্রতীক অশোকস্তম্ভ ব্যবহার করা হচ্ছে। যুবভারতীতেও তার ব্যতিক্রম হল না। সেখানেও বসল অশোকস্তম্ভ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন