সুরাবউদ্দিনের হ্যাটট্রিকে পিয়ারলেসকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

মরশুমের প্রথম গোল করলেন উইলিস প্লাজা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:১৩

options
link
সুরাবউদ্দিনের হ্যাটট্রিকে পিয়ারলেসকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল- ৫

Advertisement

পিয়ারলেস- ১

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে এসেছিল বড় ব্যবধানে জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্ট পেতে পোড়াতে হয়েছিল কাঠখড়। ডিফেন্ডার মিচেলের সৌজন্যে উতরে গিয়েছিল দল। প্রশ্ন উঠতে শুরু করেছিল প্লাজার দলে থাকা নিয়েও। কিন্তু কোচ খালিদ জামিল দলের উপর সমর্থকদের আস্থা রাখার আরজি জানিয়েছিলেন। আর কোচের কথার মান রাখলেন তাঁর ছাত্ররা। কর্দমাক্ত মাঠে পিয়ারলেসকে ৫-১ গোলে উড়িয়ে দিলেন আল আমনারা। হ্যাটট্রিক করলেন সুরাবউদ্দিন মল্লিক। পাশাপাশি গোল করলেন উইলিস প্লাজাও।

Advertisement

[স্ত্রীর ছবি পোস্ট করে ফের মৌলবিদের রোষের মুখে শামি]

শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আর তাতেই বেহাল হয়ে পড়ে ইস্টবেঙ্গল মাঠ। ফলে এদিন খেলা শুরু হয় বেশ দেরি করেই। গত বছর মাঠ সংস্কার হলেও, চলতি মরশুমেও লাল হলুদ মাঠের অবস্থা তথৈবচ। সেটাই ফের একবার প্রমাণ হল। এদিকে মরশুমের শুরুতে আরও একটি প্রশ্ন সমর্থকদের মনে উঁকি দিয়েছিল। কবে গোল করবেন প্লাজা? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। পিয়ারলেসের বিরুদ্ধে দলের হয়ে প্রথম গোলটিই করলেন তিনি। আল আমনার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী ছিল না। ময়দানের বহুযুদ্ধের সাক্ষী রহিম নবি পিয়ারলেসকে ম্যাচে সমতায় ফিরিয়ে দেন। যদিও প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।

[বিশ্বমঞ্চে ৩৭ টি পদক জেতায় খর্বকায় অ্যাথলিটদের শুভেচ্ছা শেহবাগের]

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ কয়েকবার লাল হলুদ রক্ষণে আক্রমণ শানাচ্ছিল পিয়ারলেস। গোলমুখ খোলার চেষ্টায় ছিলেন ডোডোজ, রহিম নবিরা। উলটোদিকে বারবার পায়ের জঙ্গলে আটকে পড়ছিলেন আল আমনা, প্লাজারা। তখনই খালিদের মাষ্টার স্ট্রোক। কেন তিনি আইলিগ জিতেছেন, এদিন সেটাও ফের একবার প্রমাণ হয়ে গেল। মাঠে নামালেন সুরাবউদ্দিন মল্লিককে। আর মাঠে নেমেই ফের একবার নিজের জাত চেনালেন সুরাবুদ্দিন। অল্প সময়ের ব্যবধানেই করে ফেললেন তিনটি গোল। এর আগেই অবশ্য দলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল। সৌজন্যে সেই সুরাবুদ্দিন। তাঁর ক্রস থেকেই দুর্দান্ত গোল করেন গ্যাব্রিয়েল। এরপর কেবলই সুরাবউদ্দিন ম্যাজিক। ভিপি সুহেরের পর ইস্টবেঙ্গলের দ্বিতীয় খেলোয়াড় যিনি হ্যাটট্রিক সম্পন্ন করলেন। সুহের প্রথম ম্যাচে রেনবোর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। এই ম্যাচ জেতায় টানা তিন ম্যাচ জিতল লাল হলুদ ব্রিগেড। তবে রক্ষণ নিয়ে অবশ্যই চিন্তা থাকবে ইস্টবেঙ্গলের। এখন দেখার আগামী ম্যাচে রক্ষণের ফাঁক-ফোকর ভরাট করতে পারেন কিনা খালিদ।

[টালিগঞ্জের নড়বড়ে রক্ষণকে উড়িয়ে বড়সড় জয় মহামেডানের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.