সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে তৃতীয় দিনের খেলা দেখে বিশেষ করে বলতে হয় ‘নৈশপ্রহরী’ আকাশ দীপের কথা। টেস্ট ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি করলেন বাংলার এই পেসার। হাফসেঞ্চুরির পর তাঁকে বাহবা দেয় গোটা স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও উচ্ছ্বাস চোখে পড়ে। কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটে ওঠে। আকাশ যখন ৬৬ রানে আউট হলেন, সেই সময় স্কোরবোর্ডে ভারতের রান ১৭৭। এমন অনিন্দ্যসুন্দর ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক শুভমান গিল।
বিসিসিআইয়ের এক ভিডিওয় গিল বলেন, “আমার মনে হয় আকাশের এই ৬৬ রান কোনও সেঞ্চুরির চেয়ে কম কিছু নয়।” যশস্বীর সঙ্গে আকাশ দীপের পার্টনারশিপে ওঠে ১০৭ রান। আর এই পার্টনারশিপে ভর করে ওভালে দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান তুলে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য রাখে ভারত।
টেস্টে ভারতীয় নাইট ওয়াচম্যানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আকাশ। শুভমানের কথায়, “অনেক দিন ধরেই আমাদের মধ্যে আলোচনা চলছে। সেখানে টেল এন্ডারদের বহুবার বলা হয়েছে, ‘তোমরাও ব্যাটিংয়ে একটু অবদান রাখো বন্ধু’। আর কী বলি! আকাশ এর জবাব দিয়েছে।”
ব্যাট হাতে আকাশের সাফল্যের পর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও উচ্ছ্বসিত। তাঁর মন্ত্যব্য, “আকাশকে বলেছিলাম, ‘যদি তুমি নাগালের মধ্যে বল পাও, তাহলে শুধু মারবে। জোর করে ডিফেন্স কোরো না। কারণ শেষ দু’টি ইনিংসে তুমি ডিফেন্স করতে করতে আউট হয়েছ।” সতীর্থ কেএল রাহুল বলছেন, “আকাশকে বলেছিলাম নিজেকে ব্যাটারের মতো ভাবতে।” তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডকে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। জ্যাক ক্রলিকে ১৪ রানের মাথায় বোল্ড করেন তিনি। ইংল্যান্ডের রান এক উইকেট হারিয়ে ৫০। চতুর্থ দিন রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এই ম্যাচ জিতলেই বিলেত থেকে সিরিজ অমীমাংসিত রেখে দেশে ফিরবে ভারত।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার