Vaibhav Sooryavanshi

হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন

এদিন ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দু'জনের অভিষেক হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৮:০৫

options
link
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
বৈভব সূর্যবংশী ও শ্রেয়স আইয়ার

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অভিষেক হল না বৈভব সূর্যবংশীর। আগের ম্যাচে হারের পরও শিক্ষা নিল না টিম ইন্ডিয়া। ‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধেও যদি ১৫ বছরের বিস্ময় প্রতিভার অভিষেক না হয়, তাহলে আর কবে হবে? এরপর কঠিন ইংল্যান্ড সিরিজে তাঁকে পরীক্ষার মুখে ফেলা হবে? ফলে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার ও কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। এদিন টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে সূর্যাংশ শেডগে ও প্রিন্স যাদবের। এর মধ্যে সূর্যাংশ খেলেন পাঞ্জাব কিংসে। যে দলের অধিনায়ক শ্রেয়স। বেলফাস্টে টসে জিতে প্রথমে বল করবে ভারত।

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি হেরে গিয়েছে শ্রেয়সের টিম ইন্ডিয়া। সেই ম্যাচে চরম ব্যর্থ হয় ভারতের তারকাখচিত ব্যাটিং। তারপরই প্রশ্ন ওঠে, কেন বৈভবকে সুযোগ দেওয়া হল না? তখন শ্রেয়সের যুক্তি ছিল, যাঁরা ফর্মে আছে, তাঁদের খেলানো হবে। এদিনও ফের একই ঘটনা। দু’জনের অভিষেক হল। কিন্তু বৈভবের নয়। তবে সূর্যাংশ ও প্রিন্স এদিন প্রথম টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলবেন। দু’জনেই আইপিএলে ভালো পারফর্ম করেছেন। কিন্তু সেক্ষেত্রে তো শ্রেয়সের যুক্তিই খাটে না। ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণর ফর্ম কীরকম সেটা ভারতের ক্রিকেটভক্তরা দেখেছেন। তাঁদের যদি বসানো হয়, তাহলে বৈভবের অভিষেক কেন হবে না?

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটাই শেষ টি-টোয়েন্টি। অর্থাৎ গোটা সিরিজেই সুযোগ পেল না বৈভব। তাহলে কেন শুধু বসিয়ে রাখার জন্য নিয়ে যাওয়া হল? আইপিএলে বিধ্বংসী, ভারত ‘এ’-র হয়েও দারুণ ফর্মে ছিল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। নিঃসন্দেহে আয়ারল্যান্ডের থেকে ভালো দল হ্যারি ব্রুকদের। তাহলে কি সেখানেই অভিষেক হবে ১৫ বছরের ক্রিকেটারের? তাহলে কেন আয়ারল্যান্ড সিরিজেই তাকে দেখে নেওয়া হল না? তুলনায় ‘কঠিন’ সিরিজে কেন তাকে নামানো হবে? নাকি আদৌ নামানোই হবে না? গৌতম গম্ভীর-শ্রেয়স আইয়ারের নতুন জুটি কী করতে চায়, সেটা নিয়ে ধন্দে সমর্থকরা।

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের প্রথম একাদশ:
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষান (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, সূর্যাংশ শেডগে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রিন্স যাদব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.