আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। কিন্তু সকলকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি (Auqib Nabi)। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ৮.৪ কোটি টাকায় কিনেছে জম্মু-কাশ্মীরের পেসারকে। ক্রিকেটীয় সাফল্যের জন্য তিনি কৃতিত্ব দিলেন ইরফান পাঠানকে।
এই বিষয়ে আরও খবর
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের যাত্রাপথের কথা তুলে ধরেন তিনি। নবি জানান, ছোটবেলায় পরিবারের তেমন সমর্থন পাননি। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক। কিন্তু টেলিভিশনে ডেল স্টেনের আগুনঝরা বোলিং দেখে অনুপ্রাণিত হয়ে ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। “আমি ছোটবেলায় ডেল স্টেনের বোলিং মন দিয়ে দেখতাম। ওর গতি আর সুইং আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তখনই ভাবতাম, আমিও একদিন ভারতের হয়ে খেলব,” বলেছেন নবি।
তাঁর কেরিয়ারের মোড় ঘোরে ২০১৮ সালে। তখন ইরফান পাঠান জম্মু ও কাশ্মীর দলের মেন্টর হিসাবে যোগ দেন। সেই সময় অনূর্ধ্ব-২৩ দলে খেলছিলেন নবি। সেখানেই তাঁর পারফরম্যান্স নজরে আসে পাঠানের। নবির কথায়, “বাবার স্বপ্ন ছিল ডাক্তার হই। কিন্তু ইরফান ভাই যখন মেন্টর হয়ে এলেন, তখন আমি অনূর্ধ্ব-২৩ দলে খেলতাম। উনি আমার পারফরম্যান্স দেখে সিনিয়র দলে সুযোগ পেতে সাহায্য করেন। সবসময় নানা টিপস দিয়ে গাইড করতেন।”

বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে কাজ করা পাঠান জানান, জম্মু-কাশ্মীরের জন্য শক্তিশালী পেস আক্রমণ গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নবি। “২০১৮ সালে প্রথম ওকে দেখি। আমরা ৮-১০ জন পেসারের একটি শক্তিশালী দল তৈরি করতে চেয়েছিলাম। আকিব সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। ও দীর্ঘ স্পেলে বল করতে পারে। শেষ মুহূর্তে বল মুভ করানোর ক্ষমতাও অসাধারণ।” বলেছেন পাঠান।
পাঠান জানিয়েছেন, জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামির মতো অনেক আন্তর্জাতিক বোলারের মতোই নবির সিম পজিশন নিখুঁত। নবির গতি ঘণ্টায় ১৪০ কিমি না ছুঁলেও ব্যাটারদের সমস্যায় ফেলে। তাঁর কথায়, “স্টাম্পের কাছাকাছি থেকে বল করে ও। নিয়মিত আউটসুইং করাতে পারে। আবার হঠাৎ ইনসুইং দিয়ে ব্যাটারদের চমকে দেয়। এটাই ওর বিশেষত্ব।” রনজি ট্রফিতে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিলেন নবি। ১৭টি ইনিংসে বল করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হিসাবে পেয়েছেন ৫৮টি উইকেট। সবমিলিয়ে ৬ বার পাঁচ উইকেট পেয়েছিলেন নবি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান
-
চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের
-
সোনার খনিতে ভয়ংকর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু



