Tilak Varma

ইংরেজ বোলারের আগুনে গতিতে অসহায় তিলক, ভাঙল কবজির ব্যান্ড, ভাইরাল ভিডিও

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শনিবার রাতে শুধু ম্যাচ হারেনি মুম্বই ইন্ডিয়ান্স, ভেঙেছে তিলক বর্মার ফিটনেস ব্যান্ডও। ঠিক কী হয়েছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১০:৫০

options
link
ইংরেজ বোলারের আগুনে গতিতে অসহায় তিলক, ভাঙল কবজির ব্যান্ড, ভাইরাল ভিডিও
গতির সামনে কার্যত অসহায় দেখিয়েছে মুম্বইয়ের ব্যাটারকে।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শনিবার রাতে শুধু ম্যাচ হারেনি মুম্বই ইন্ডিয়ান্স, ভেঙেছে তিলক বর্মার ফিটনেস ব্যান্ডও। ইংরেজ পেসার জেমি ওভারটন এর আগুনঝরা গতির সামনে কার্যত অসহায় দেখাল মুম্বইয়ের ব্যাটারকে। তারপরেই ঘটে এমন ঘটনা।

Advertisement

ঠিক কী হয়েছে? মুম্বই ইনিংসের ১২তম ওভারে আক্রমণে আসেন ওভারটন। শুরু থেকেই গতি ও আগ্রাসনের ছাপ রাখেন তিনি। ওভারটনের একটা শর্ট বল স্কুপ করতে গিয়েছিলেন তিলক। কিন্তু শট ঠিকমতো ব্যাটে-বলে না হওয়ায় সোজা গিয়ে লাগে বাঁহাতি ব্যাটারের কবজিতে থাকা ফিটনেস ব্যান্ডে। এতটাই জোরে লেগেছিল যে, তা ছিটকে পড়ে যায়। মুহূর্তেই গ্যালারিতে শোরগোল পড়ে যায়। সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

Advertisement

তিলকের ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ নম্বরে নেমে ৮ বলে করেন মাত্র ৫। আফগান স্পিনার নূর আহমেদের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মুম্বইয়ের গোটা ইনিংসেই ছিল ছন্দহীনতা। একমাত্র লড়াই করেন নমন ধীর। তাঁর সংগ্রহ ৩৭ বলে ৫৭ রান। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ২৩ বলে ১৮ রানের মন্থর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তোলে মুম্বই।

জবাবে সহজেই লক্ষ্য তাড়া করে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ ৬৭ ও কার্তিক শর্মার ৫৪ রানের ইনিংসে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় চেন্নাই। ৯ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট টেবিলে তারা রয়েছে নবম স্থানে। ৫টি ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৪। তখন অন্য দলের উপর নির্ভর করতে হবে। কিন্তু হার্দিক-সূর্যরা যে ফর্মে, তাতে সেই আশা সম্ভবত কোনও অন্ধ মুম্বইভক্তও করবেন না। এর মাঝেও আলোচনায় ওভারটনের বলে তিলকের ফিটনেস ব্যান্ড ভেঙে যাওয়ার ঘটনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.