IPL 2026

ম্যাচের আগে নীরবতা পালন, চিন্নাস্বামীতে ১১ আসন ফাঁকা রেখে পদপিষ্টে নিহতদের শ্রদ্ধা কোহলিদের

গত বছর ৪ জুন আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে আরসিবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৮:৪২

options
link
ম্যাচের আগে নীরবতা পালন, চিন্নাস্বামীতে ১১ আসন ফাঁকা রেখে পদপিষ্টে নিহতদের শ্রদ্ধা কোহলিদের
ফাইল ছবি

৪ জুন, ২০২৫। আইপিএলের ইতিহাসে এক কলঙ্কিত ও দুঃখজনক দিন। আরসিবি (RCB) চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। তারপর বছর ঘুরেছে। বহু টালবাহানার পর চিন্নাস্বামীতেই নামবেন বিরাট কোহলিরা। আইপিএল (IPL 2026) শুরুর আগে বড় সিদ্ধান্ত নিল কর্নাটক ক্রিকেট সংস্থা। ১১ জনের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিফলক বসানো হবে। পাশাপাশি ১১টি আসন ফাঁকা রাখা হবে। ম্যাচের আগে একমিনিট নীরবতা পালন করবেন কোহলিরা। 

Advertisement

২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে আরসিবি। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের সভাপতিত্বে কর্নাটক ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামের ভিতরে একটা স্মৃতিফলক বসানো হবে। এর মাধ্যমে প্রয়াত ভক্তদের শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাঁদের স্মৃতিতে স্টেডিয়ামের ভিতর ১১টি আসন ফাঁকা রাখা হবে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, কোনও ম্যাচেই ওই আসনগুলোর টিকিট বিক্রি করা হবে না।

Advertisement

আইপিএলের প্রথম ম্যাচের দিনও আরসিবি’র তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। ম্যাচের আগে স্টেডিয়ামে প্রয়াতদের নাম দেখানো হবে। এক মিনিট নীরবতা পালন করা হবে। কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ বলেছেন, “ওই ঘটনা মনে করে আমরা আবার বেদনা জাগাতে চাই না। তবে আমরা তাঁদের সব সময় স্মরণ করতে চাই। তাই আমরা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে যৌথভাবে ঠিক করেছি, তাঁদের উদ্দেশ্যে স্মৃতিফলক বসানো হবে।”

Advertisement

গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ৪৭। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি শুরু হয় কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। অন্যদিকে আরসিবি কেয়ার্সের তরফ থেকে জানানো হয়েছিল, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.