Mohsin Naqvi

নাটকের শেষ নেই, এসিসি’র হেডকোয়ার্টার থেকে এবার এশিয়া কাপ ট্রফি সরালেন নকভি!

ট্রফিটি কোথায় রয়েছে, তা অবশ্য জানা যায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১১:০০

options
link
নাটকের শেষ নেই, এসিসি’র হেডকোয়ার্টার থেকে এবার এশিয়া কাপ ট্রফি সরালেন নকভি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবরের শেষে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু মাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত। টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানান হুমকি-ধমকিও পর্যন্ত দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। চাপিয়েছেন শর্ত। এবার সেই ট্রফিই নাকি এসিসি’র প্রধান কার্যালয় থেকে এক্কেবারে গায়েব করে ফেললেন তিনি।

Advertisement

মাঝে শোনা গিয়েছিল ভারতকে ট্রফি তুলে দিতে রাজি হয়েছেন নকভি। তবে তা যে কেবল ‘প্রতিশ্রুতি’ মাত্র, তা বোঝা গেল। নতুন তথ্য হল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান কার্যালয় থেকে নকভি এশিয়া কাপ ট্রফি সরিয়ে দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানা গিয়েছে, বিসিসিআইয়ের এক আধিকারিক সম্প্রতি এসিসি’র প্রধান কার্যালয়ে যান। সেখানে এশিয়া কাপ ট্রফি নিয়ে জিজ্ঞেস করা হলে জানতে পারেন সেখানে তা নেই। ট্রফি নাকি আবু ধাবির কোথাও নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

একটি সূত্র এএনআই’কে জানিয়েছে, “কয়েকদিন আগে বিসিসিআইয়ের একজন আধিকারিক এসিসি’র প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি ট্রফি সম্পর্কে জিজ্ঞাসাও করেন। জবাবে ওখানকার এক কর্মী জানান, এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তা এখন নকভির জিম্মায়। আবু ধাবির কোনও জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।” তবে আবু ধাবির কোথায় ট্রফিটি রয়েছে, তা অবশ্য জানা যায়নি। অর্থাৎ এশিয়া কাপ ট্রফি নিয়ে টালবাহানা অব্যাহত রেখে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

Advertisement

এই ঘটনার আগে বিসিসিআইয়ের তরফে নকভিকে আনুষ্ঠানিক ইমেল-ও করা হয়েছিল। সেখানে বলা হয়েছে, দ্রুত এশিয়া কাপের ট্রফিটি ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক। নাহলে বিষয়টা আইসিসি’তে গড়াবে। এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল এশিয়ার দু’টি দেশ – শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এখন দেখার, নতুন এই নাটকের পর ভারতীয় বোর্ড কী পদক্ষেপ নেয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.