PCB

ভূরি ভূরি ক্যাচ মিস, ফিটনেসের বালাই নেই! রোগ সারাতে অন্য খেলা বাধ্যতামূলক করল পাক বোর্ড

নতুন নির্দেশ অনুযায়ী, প্রশিক্ষণ শিবিরে ক্রিকেটারদের একদিন অন্তর ৪০ মিনিট করে এই খেলা খেলতেই হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৭:৪৩

options
link
ভূরি ভূরি ক্যাচ মিস, ফিটনেসের বালাই নেই! রোগ সারাতে অন্য খেলা বাধ্যতামূলক করল পাক বোর্ড
ফাইল ছবি।

পাকিস্তান আর ক্যাচ মিস। এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এক্ষেত্রে একপ্রকার ‘বদনাম’ আছে পাকিস্তানের ক্রিকেটারদের। কেবল ক্যাচ মিস নয়, দোসর খারাপ ফিল্ডিংও। খারাপ ফিল্ডিংয়ের জন্যও ‘কুখ্যাত’ পাক দল। যার জেরে কার্যত অতিষ্ঠ হয়ে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে ক্রিকেটারদের জন্য প্যাডেল খেলাকে বাধ্যতামূলক করল পিসিবি।

Advertisement

নতুন নির্দেশ অনুযায়ী, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া ক্রিকেটারদের একদিন অন্তর ৪০ মিনিট করে প্যাডেল খেলতে হবে। আচমকা এমন নির্দেশের কারণ কী? পাক বোর্ড মনে করছে, এতে ক্রিকেটারদের ক্ষিপ্রতা, রিফ্লেক্স বাড়বে। একই সঙ্গে ফিটনেস এবং ফিল্ডিং দক্ষতাও উন্নত হবে। পিসিবির সিনিয়র নির্বাচক ও হাই পারফরম্যান্স বিভাগের ডিরেক্টর আকিব জাভেদের উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমাদের অনেক ক্রিকেটারই নিয়মিত প্যাডেল খেলেন। কিন্তু নিজ নিজ শহরে সীমিত সংখ্যক কোর্ট থাকায় তাঁদের অনেক দূর যেতে হত। সেই সমস্যার সমাধান করতেই এনসিএ-তে প্যাডেল কোর্ট তৈরি করা হয়েছে।”

Advertisement

আকিবের সংযোজন, “প্যাডেল এমন একটি খেলা, যা শেখা সহজ। খেলাটাও উপভোগ্য। যা একই সঙ্গে ফিটনেস, গতি ও ফিল্ডিং উন্নত করতে অত্যন্ত কার্যকর।” স্কোয়াশ ও টেনিসের সংমিশ্রণে তৈরি প্যাডেল ছোট কোর্টে খেলা হলেও এতে প্রচুর ঘাম ঝরাতে হয়।। এরজন্য স্ট্যামিনার পাশাপাশি ফিটনেসও প্রয়োজন। তাই ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়াতে এই খেলাকে প্রশিক্ষণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

আকিব জানান, তাঁর লক্ষ্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে ক্রিকেটারদের ‘দ্বিতীয় বাড়ি’ হিসাবে গড়ে তোলা। যেখানে তাঁরা ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি সামগ্রিক ফিটনেসও উন্নত করতে পারবেন। তিনি বলেন, “আমরা চাই ক্রিকেটাররা শুধু নেটে অনুশীলনই নয়, বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে নিজেদের তৈরি করুক।” পিসিবি ভবিষ্যতে এনসিএ-তে বাস্কেটবল কোর্ট নির্মাণেরও পরিকল্পনা করছে। পাশাপাশি স্নুকার-সহ অন্যান্য ইন্ডোর গেমসের সুবিধাও রাখা হবে। এর আগে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের অংশ হিসাবে অ্যাকাডেমিতে একটি এআই-চালিত বোলিং মেশিনও আনা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.