Hardik Pandya

মুম্বই অধ্যায় শেষ! চেন্নাইয়ে যাচ্ছেন হার্দিক? ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনা উসকে দিলেন অশ্বিন

এর আগে হার্দিক যেন নিজেই ধোনির দলে যাওয়ার সম্ভাবনা উসকে দিয়েছিলেন। সেটাকে নিয়েই ফের বার্তা দিলেন অশ্বিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৯:৫৪

options
link
মুম্বই অধ্যায় শেষ! চেন্নাইয়ে যাচ্ছেন হার্দিক? ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনা উসকে দিলেন অশ্বিন
হার্দিক পাণ্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিন।

এবারের আইপিএলে নবম স্থানে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায় পড়ছে। এমনকী মনে করা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন হার্দিক। সেক্ষেত্রে পরবর্তী গন্তব্য কী? অনেকের ধারণা, সেটা চেন্নাই সুপার কিংসও হতে পারে। তাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সোশাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন, তাতে অনেকে মনে করছেন হার্দিকের জন্য ঝাঁপাতে পারে সিএসকে।

Advertisement

এক্স হ্যান্ডেলে একজন জিজ্ঞেস করেন, ‘যদি মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি সিএসকে’র তাঁর জন্য ঝাঁপানো উচিত?’ ওই পোস্টটি শেয়ার করে অশ্বিন ঈঙ্গিতপূর্ণ বার্তা দেন। যেখানে তিনি লেখেন, ‘পাথিরানা, ০৭:০৭ এবং স্টোকস।’ কী এর অর্থ? তার একটা ব্যাখ্যা দেন অশ্বিন। তিনি ‘ওপেনিং’-এর পাশে টিক দেন। অর্থাৎ চেন্নাইয়ের ওপেনিং জুটি একেবারে ঠিক আছে। এরপর লেখেন ‘দুবে ও ০৭:০৭ মিডল অর্ডার/ফিনিশিং টিক’ এবং ‘ওভারটন ও স্টোকস ভারসাম্য টিক।’

Advertisement

অর্থাৎ ওভারটন ও স্টোকস এলে দলে ভারসাম্য আসবে। মিডল অর্ডারে দুবে থাকবেন এবং ফিনিশিংয়ে ‘০৭:০৭’-কে প্রয়োজন। কে এই ‘০৭:০৭’? নেটিজেনদের অনুমান, এটা হার্দিক পাণ্ডিয়া। কিন্তু ‘৭’ সংখ্যা সাধারণত ধোনির সঙ্গে যুক্ত করা হয়। কেন হার্দিকের নাম এর সঙ্গে জুড়ছে? আসলে একদিন আগেই হার্দিক একটি ইনস্টাগ্রাম স্টোরি দেন। যেখানে ল্যাপটপে সিনেমা দেখার পাশাপাশি মোবাইলে সময় দেখা যায়, ‘০৭:০৭’। অর্থাৎ হার্দিক যেন নিজেই ধোনির দলে যাওয়ার সম্ভাবনা উসকে দিয়েছিলেন। সেটাকে নিয়েই ফের বার্তা দিলেন অশ্বিন।

Advertisement

উল্লেখ্য, হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। ধারাবাহিকতার অভাবে ভুগেছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। জয়ের শতাংশ ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই। এবারের আইপিএলেও হতাশা পিছু ছাড়েনি। ১০ ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিলেও জয় পেয়েছেন মাত্র ২ ম্যাচ। সব মিলিয়ে তাঁর নেতৃত্ব আতশ কাচের নিচে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.