Virat Kohli

অলিম্পিকে খেলবেন কোহলি, জুটি বাঁধবেন বৈভবের সঙ্গে! কী বলছেন প্রাক্তন তারকা পেসার?

শ্রীসন্থ মনে করেন, অলিম্পিকে ভারতের সোনাজয়ের অন্যতম ভরসা হতে পারেন বৈভব। সঙ্গে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর সঙ্গে কোহলির ব্যাটিং জুটি দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। কী বলেছেন শ্রীসন্থ?

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৯:৫০

options
link
অলিম্পিকে খেলবেন কোহলি, জুটি বাঁধবেন বৈভবের সঙ্গে! কী বলছেন প্রাক্তন তারকা পেসার? zoom
অলিম্পিকে কি দেখা যাবে এই জুটি? ফাইল ছবি।

চোখ বুজে কল্পনা করুন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ভারতের ইনিংস শুরু করতে নামছেন দুই প্রজন্মের দুই তারকা – বিরাট কোহলি ও বৈভব সূর্যবংশী। শুনতে অবাক লাগলেও এমন স্বপ্নই দেখছেন ভারতের প্রাক্তন পেসার এস শ্রীসন্থ। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের অভিষেকের মঞ্চে এই জুটিকে একসঙ্গে দেখা গেলে তা হবে ভারতীয় ক্রিকেটের জন্য বিশেষ মুহূর্ত।

ভারতের টি-টোয়েন্টি দলে বিরাট কোহলির প্রত্যাবর্তনের পক্ষেও সওয়াল করেছেন শ্রীসন্থ। তাঁর দাবি, ক্রিকেটকে অলিম্পিকের আসরে জায়গা করে দেওয়ার পিছনে কোহলির বিপুল জনপ্রিয়তার বিরাট ভূমিকা রয়েছে। পাশাপাশি তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর উপরও ভরসা রাখছেন তিনি। শ্রীসন্থের বিশ্বাস, অভিজ্ঞ বিরাট এবং উদীয়মান বৈভবের যুগলবন্দিই ২০২৮ অলিম্পিকে ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে।

এবারের আইপিএলে বৈভবের ব্যাট যেন আলাদা ভাষায় কথা বলেছে। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে ১৬ ইনিংসে ৭৭৬ রান! স্ট্রাইক রেট ২৩৭.৩০। সংখ্যাটা নিছক বড় নয়, প্রায় অবিশ্বাস্য। পাশাপাশি একসঙ্গে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’। সব মিলিয়ে সে একাই যেন হয়ে উঠেছে এবারের আইপিএলের মুখ। তার এই নজিরবিহীন সাফল্যে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। এই পরিস্থিতিতে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য শ্রীসন্থ মনে করেন, অলিম্পিকে ভারতের সোনাজয়ের অন্যতম ভরসা হতে পারেন বৈভব।

স্পোর্টস উইথ রবিশ ইউটিউব চ্যানেলে শ্রীসন্থ বলেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই বৈভবের ভারতীয় দলে থাকা উচিত ছিল। তখনই বলেছিলাম, ও একদিন অলিম্পিকে ভারতের জন্য সোনার পদক জিতবে। বৈভব এমন একজন ক্রিকেটার, যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের দিকে গোটা বিশ্বের নজর থাকবে। তার অন্যতম কারণ হবে বৈভব সূর্যবংশী।”

একই সঙ্গে বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি অবসর ভেঙে ফেরারও আবেদন জানিয়েছেন তিনি। প্রাক্তন পেসারের কথায়, “বিরাট কোহলি ২০০৮ সাল থেকে অসাধারণ ক্রিকেট খেলছে। যদি অলিম্পিকে সোনার পদকের কথা ভাবি, তাহলে আমি চাইব বিরাট সেখানে খেলুক। সিনিয়র ও জুনিয়রদের নিয়ে দারুণ একটি দল তৈরি হবে। বৈভব ও বিরাটকে একসঙ্গে ব্যাট করতে দেখাটা হবে অসাধারণ অভিজ্ঞতা।” শ্রীসন্থের সংযোজন, “নির্বাচকদের কাছে আমার অনুরোধ, অলিম্পিকের জন্য বিরাটকে টি-টোয়েন্টি দলে রাখা হোক। তাঁর ফিটনেস সত্যিই ঈর্ষণীয়। চাইব বিরাট ২০২৮ অলিম্পিকে ভারতের হয়ে খেলুক। আমার বিশ্বাস, বিরাটের জনপ্রিয়তার কারণেই ক্রিকেট অলিম্পিকের মঞ্চে জায়গা পেয়েছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন