Sourav Ganguly

১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা, এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?

কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন ৭৭ বছর বয়সি নিরূপা দেবী। প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। তার সঙ্গে ত্বকে র‌্যাশও দেখা দিয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৮:৩১

options
link
১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা, এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?
মায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।

সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে। বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। প্রাথমিক ভাবে আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?  

Advertisement

সৌরভের পরিবার সূত্রে খবর, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন ৭৭ বছর বয়সি নিরূপা দেবী। প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। তার সঙ্গে ত্বকে র‌্যাশও দেখা দিয়েছিল। বয়স এবং অন্যান্য শারীরিক সমস্যার কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, নিরূপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ হয়েছে। জানা গিয়েছে, আপাতত আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পারিবারিক চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আফতাব খানও তাঁকে দেখছেন। তবে আপাতত উদ্বেগ অনেকটাই কেটেছে। নিরূপার পুত্রবধূ, স্নেহাশিসের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। আশা করা যাচ্ছে, দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। চিকিৎসকেরাও সেই কথা জানিয়েছেন।

Advertisement

এর আগেও মূত্রনালিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নিরূপাকে। গত বছরের আগস্টে জ্বর, গলা ব্যথা-সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তখনও পরীক্ষায় ইউটিআই ধরা পড়েছিল। আইভি-র মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল তাঁকে। কয়েক দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ১৩ মাসের ব্যবধানে গত মঙ্গলবার ফের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হল সৌরভ-স্নেহাশিসের মাকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.