Mumbai T20 League

আইপিএল ফাইনালের পরদিনই মুম্বই লিগে খেলতে হবে সূর্য-শ্রেয়সদের, ‘ফতোয়া’ এমসিএ’র

ভারতীয় দলের যেসব ক্রিকেটার এই লিগে খেলবেন, তাঁরা ১৫ লক্ষ টাকা করে পাবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ২০:০৯

options
link
আইপিএল ফাইনালের পরদিনই মুম্বই লিগে খেলতে হবে সূর্য-শ্রেয়সদের, ‘ফতোয়া’ এমসিএ’র
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছে মুম্বই লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই লিগ শুরু হবে আইপিএল ফাইনালের ঠিক পরের দিন, ২৬ মে। তবে, ফাইনালের পরের দিনই মুম্বই লিগ শুরু বলে ছাড় পাবেন না সিনিয়র ক্রিকেটাররা। তাঁদের এই প্রতিযোগিতায় ‘বাধ্যতামূলকভাবে’ খেলতে হবে। এই নির্দেশ দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেদের ফের মাঠে নামতে দেখা যেতে চলেছে। 

Advertisement

জানা গিয়েছে, সূর্য-রাহানে ছাড়া পৃথ্বী শ, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, তুষার দেশপাণ্ডের মতো তারকাদেরও ইতিমধ্যেই এ ব্যাপারে জানানো হয়েছে। আইপিএলের পরেই জুন মাসে টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। তাই প্রশ্ন উঠছে, তারকা ক্রিকেটাররা আদৌ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দেবে কিনা? সূত্রের খবর, ইংল্যান্ড সফরে দলে সুযোগ না পেলে মুম্বই লিগে খেলতেই হবে।

Advertisement

এখানেই শেষ নয়। রোহিত শর্মাকে ‘মুম্বই লিগের মুখ’ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সূর্যকুমার, শ্রেয়স, শিবম দুবের মতো ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই এই লিগে খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন। এমসিএ’র এক কর্মকর্তা বলেন, “আইপিএলের পর শুরু হতে চলেছে টি-টোয়েন্টি মুম্বই লিগ। ইতিমধ্যেই মুম্বইয়ের সমস্ত ভারতীয় ক্রিকেটারকে এই লিগে খেলার ব্যাপারে জানানো হয়েছে। এটা বাধ্যতামূলক। তবে কেউ ভারতীয় দলে সুযোগ পেয়ে থাকলে বা কারওর চোট লাগলে আলাদা ব্যাপার।”

Advertisement

জানা গিয়েছে, ভারতীয় দলের যেসব ক্রিকেটার এই লিগে খেলবেন, তাঁরা ১৫ লক্ষ টাকা করে পাবেন। তবে নিলামে ন্যূনতম মূল্য কত রাখা হবে, তা এখনও জানা যায়নি। নিলাম অনুষ্ঠিত হবে মে মাসে। সূত্রের খবর, মুম্বই লিগে খেলার জন্য প্রায় ২৮০০ জন স্থানীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন। ২৬ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি লিগ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.