BCCI

চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ

প্রশ্নের মুখে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৫:৩৯

options
link
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ
ভিভিএস লক্ষ্মণ। ফাইল ছবি

চোট-আঘাত যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। সদ্য ছিটকে গিয়েছেন ব্যাটার সাই সুদর্শন। প্রশ্নের মুখে সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা। কেন এত চোট পাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা? ‘দোষ’ কার? সেই নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তথা সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর এবার চোটের জন্য ছিটকে গেলেন ব্যাটার সাই সুদর্শন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এ দলের সফরে গিয়ে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন সুদর্শন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শুশ্রূষাতেও ফিট হননি। সম্প্রতি অভিযোগ উঠেছে, অতিরিক্ত ওজন থাকা সত্ত্বেও জাতীয় দলের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে।

Advertisement

যার উত্তরে লক্ষ্মণ বলেন, “সিওই তো রিহ্যাব সেন্টার নয়। তার আরও বড় ভূমিকা আছে। ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করাটা কাজ। চোট-আঘাত যে কোনও প্লেয়ারের কেরিয়ারের অঙ্গ। তাই পর্যবেক্ষণ সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কাউকে দোষ দিই না। নাহলে বলির পাঁঠা খুঁজতে হবে।”

Advertisement

এই মুহূর্তে ভারতীয় দল একপ্রকার মিনি হাসপাতাল। মাঠে টিমের পারফরম্যান্স যেমন বিসিসিআই কর্তাদের নজরে, তেমনই মাঠের বাইরে গোটা সিস্টেম সঠিকভাবে চলছে কিনা সেটা নিয়ে পর্যালোচনা শুরু করেছে ভারতীয় বোর্ড। গত এক দেড় বছরে লাগাতার বহু ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। বোর্ড সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জাতীয় নির্বাচকদের সঙ্গে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম সমন্বয় সাধন করে কাজ করতে পারেনি। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের বিপর্যয়ের পর তড়িঘড়ি ভিভিএস লক্ষ্মণের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.