Gautam Gambhir

‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর

কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে আর কী বলেছেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৭:৫৭

options
link
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর। ছবি সংগৃহীত।

অনেক ঢাকঢোল পিটিয়ে টিম ইন্ডিয়ার হেডকোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। তিনি তাঁর পছন্দমতো ‘টিম’ নিয়েই যাত্রা শুরু করেছিলেন। নির্বাচক প্রধান অজিত আগরকরও কার্যত গম্ভীরের পছন্দমতো দল করেছেন। গম্ভীর-আগরকর জুটিতে ভারতের টেস্ট দল একাধিক হতাশার নজির গড়ে বারবার লজ্জার মুখে পড়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে টেস্ট দল। যদিও সেই ধারণাকে নাকচ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেডকোচ।

Advertisement

গম্ভীরের মতে, ভারতীয় দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই সাম্প্রতিক ব্যর্থতাকে কোনও ‘গভীর সংকট’ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। রবিবার কলম্বোয় শুরু দ্বিতীয় টেস্ট। শুভমান গিলরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন রীতিমতো বিস্ফোরক গম্ভীর। পরিষ্কার জানিয়ে দিলেন, র‍্যাঙ্কিং বা বাইরের সমালোচনা নিয়ে মাথা না ঘামিয়ে তাঁর মনোযোগ ট্রফিজয়ের দিকেই রয়েছে।

Advertisement

গম্ভীরের মতে, ভারতীয় দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই সাম্প্রতিক ব্যর্থতাকে কোনও ‘গভীর সংকট’ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়।

কলম্বোয় ম্যাচ-পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “র‍্যাঙ্কিংটা কোনও ব্যাপার নয়। আমরা কোনও সংকটের মধ্যেও নেই। ইংল্যান্ড সফরের দল যথেষ্ট ভালো টেস্ট ক্রিকেট খেলেছে। আমার কাজ ট্রফি জেতা। লাইক বা ভিউ পাওয়া নয়। আমি শুধু সেটা নিয়েই ভাবি। সেটাতেই বিশ্বাস করি।” এই লক্ষ্যেই ভারতের টেস্ট দলে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম। শুভমান গিল অধিনায়ক হওয়ার পাশাপাশি চার নম্বরে নিজের জায়গাটাও পোক্ত করছেন। তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কলও ভরসা জুগিয়েছেন। আর শ্রীলঙ্কা সিরিজে তো ম্যাজিক দেখিয়েছেন বাঁহাতি স্পিনার মানব সুথার।

Advertisement

গলে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছেন সুথার। অনেকেই বলছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। তাছাড়া রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের পাশাপাশি মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনকে নিয়েও আলোচনা চলছে। কলম্বোয় প্রথম এগারোয় তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বোলারের নাম নিয়ে নয়, ‘গুরু’ গম্ভীরের লক্ষ্য, যেনতেন উপায়ে বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া। সেই লক্ষ্য পূরণের জন্য সেরা দল নামাতে চাইছেন তিনি। তাঁর কথায়, “আমরা এমন সেরা বোলিং আক্রমণ খেলাতে চাই, যারা ২০টি উইকেট নিতে পারে। কুলদীপ ভালো বোলার। তবে অনেক সময় বিষয়টা অধিনায়কের উপরও নির্ভর করে।”

‘গুরু’ গম্ভীরের লক্ষ্য, যেনতেন উপায়ে বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া। সেই লক্ষ্য পূরণের জন্য সেরা দল নামাতে চাইছেন তিনি।

একই সঙ্গে ক্রিকেটারদের খারাপ সময়েও পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় কোচ। একটি-দু’টি ম্যাচের পারফরম্যান্স দিয়ে কাউকে বিচার করার পক্ষপাতী নন তিনি। “ক্রিকেটে ওঠানামা থাকবেই। আমাদের খেলোয়াড়দের পাশে থাকতে হবে। তাঁদের আরও সময় দিতে হবে। এক-দু’টি ম্যাচের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়,” বলেছেন গম্ভীর।

রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা নতুনদের পক্ষে দ্রুত পূরণ করা সম্ভব নয়। তাই নতুনদের ভুল হওয়াটাই স্বাভাবিক। গম্ভীর মনে করেন, এটা দলের এই পরিবর্তন প্রক্রিয়ারই অংশ। গম্ভীর তিন ম্যাচের টেস্ট সিরিজের পক্ষেও মত দিয়েছেন। ভারত-শ্রীলঙ্কার বর্তমান সিরিজ অবশ্য দুই ম্যাচের। গলে ভারত ১-০ এগিয়ে থাকায় কলম্বোয় দ্বিতীয় টেস্টেই সিরিজের ফল ঠিক হবে। গম্ভীরের মতে, সিরিজ তিন ম্যাচের হলে প্রথম টেস্টে হারলেও পরের ম্যাচগুলিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। তাছাড়াও গলের উইকেট নিয়েও সন্তুষ্ট গম্ভীর। কলম্বোয়ও তেমনই একটি পিচের প্রত্যাশা করছেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.