World Test Championship

লজ্জার হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ, টপকাতে পারবেন শুভমানরা?

আগের ম্যাচে একপ্রকার অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো। ওই হারেই খোঁচা লাগে অজি জাত্যাভিমানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৭:২৮

options
link
লজ্জার হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ, টপকাতে পারবেন শুভমানরা?
রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে ভারত।

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়। তার এক সপ্তাহ পরে সেই অজিভূমেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ইনিংস ও ৫১ রানে হারতে হয়েছে টাইগার ব্রিগেডকে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এখনও ভারতের থেকে এগিয়েই রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে ভারত। এই ম্যাচ জিতলে কি বাংলাদেশকে টপকাতে পারবেন শুভমান গিলরা?

Advertisement

আগের ম্যাচে একপ্রকার অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো। কিন্তু ওই টেস্ট জয়ের মাধ্যমে ওপার বাংলার টাইগাররা আরও একটা কাজ করে ফেলেছিলেন, সেটা হল অজিদের জাত্যাভিমানে আঘাত। যার প্রতিঘাত যে দ্বিতীয় টেস্টে আসবে, জানাই ছিল। সেই প্রতিঘাত আর সামলাতে পারেননি টাইগাররা। মিচেল স্টার্কের আগুন পেসে পুড়ে ছারখার হয়ে যায় বাংলাদেশ। ম্যাকেতে মাত্র দেড়দিনে এক ইনিংস-সহ ৫১ রানে হারল ওপার বাংলার টাইগাররা। দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়।

Advertisement

সিরিজের প্রথম টেস্ট জিতে পয়েন্ট টেবিলেও বড়সড় লাফ দিয়েছিল টাইগাররা। ৬৬.৬৭ শতাংশে পৌঁছে তাদের পয়েন্ট। ফলে ভারতকে টপকে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে বাংলাদেশ। কিন্তু রবিবার হারের পর ধস নেমেছে পয়েন্টে। ৬ টেস্ট খেলে টাইগারদের পয়েন্ট শতাংশ নেমেছে ৫৫.৫৬তে। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। গলে প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের ঝুলিতে রয়েছে ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট।

Advertisement

শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে অবশ্য পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারত। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচ খেলে আটটায় জিতেছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে তিনটে জয় এসেছে তাদের। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা ৬ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় সবচেয়ে উপরে থাকা দুই দল খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আপাতত ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা বেশ কঠিন। সামনের প্রত্যেকটা ম্যাচই কার্যত নকআউট। সব ম্যাচ জিতে গেলে ফাইনালের টিকিট মিলতেও পারে শুভমান গিলদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.