সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিটা ভাল করে দেখুন৷ রিও ওলিম্পিকে মহিলা বিচ ভলি ম্যাচের একটি ছবি এটি৷ দুই দেশের দুই প্রতিনিধি নিজেদের সেরা লড়াইটা লড়ছেন৷ আর পাঁচটা ভলি বল ম্যাচের সঙ্গে এই ছবির কি খুব একটা পার্থক্য রয়েছে? হয়তো না৷ তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ কেন বলুন তো? এমন তো নয় পৃথিবীর বুকে প্রথমবার কোনও বিচ ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে! বিরাট কোহলি থেকে শাহরুখ খান, ভলিবল নিয়ে খেলতে তো সবাইকেই দেখা গিয়েছে৷ তাহলে এই ছবি নিয়ে মানুষের কিসের এত আগ্রহ? এমন কী রয়েছে ছবিতে?
আসলে দুই মহিলার পোশাকই সব পার্থক্য গড়ে দিয়েছে৷ ছবির একটা আলাদা ভাষা আছে৷ একটা ছবি কোনও শব্দ খরচ না করে অনেক কথা বলে যায়৷ এই ছবিও নিঃশব্দে অনেক কিছু বলে দিচ্ছে৷ মিশরের খেলোয়াড় মাথা ও শরীর ঢেকে মাঠে নেমেছেন৷ অন্য দিকে, বিচ ভলিবলের ট্র্যাডিশনাল পোশাক জার্মান খেলোয়াড়ের গায়ে৷ সম্পূর্ণ ভিন্ন ধরনের দুই পোশাকই দুই দেশের জাতি, ধর্ম ও সংস্কৃতির পার্থক্য তুলে ধরেছে৷ কিন্তু ক্রীড়াজগতে দু’জনই তো একই স্থানে দাঁড়িয়ে৷ কেউ এগিয়ে বা পিছিয়ে নেই৷ দুই খেলোয়াড়ই নিজের দেশকে জেতাতে বদ্ধপরিকর৷

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছবিটি ছড়িয়ে পড়তেই নানা ধরনের মতামত উঠে এসেছে৷ একজন লিখেছেন, “কী দারুণ ছবি! দুই শক্তিশালী মহিলা অ্যাথলিটকে দেখতে পাচ্ছি৷ যাঁরা গোটা বিশ্বের অনুপ্রেরণা৷ এটুকুই চোখে পড়া উচিত৷ জাতি, ধর্ম এসবের ঊর্ধ্বে৷” আবার আরেকজনের প্রতিক্রিয়া, “জিতছে কে? ওঁরা কী পড়েছেন, তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই৷ প্রতিযোগিতার মনোভাবটাই আসল৷”
এমন ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে উঁকি মেরেছে সংকীর্ণ মানসিকতাও৷ যাঁদের কাছে, খেলার থেকে অনেক বেশি গুরুত্ব পায় মহিলাদের পোশাক৷ যাঁরা পোশাকের বিচারে সমাজের বিভাজন ঘটাতে অভ্যস্ত৷ কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ যে পোশাকের চেয়ে অনেক উর্ধ্বে, এই ভাইরাল ছবিই কি তার যথেষ্ট প্রমাণ নয়?
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?