আপনার এই পদক নেওয়া উচিত নয়, সুশীলকে কেন এ কথা বললেন ফারহান?

কী টুইট করলেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৭, ১৫:৫৮

options
link
আপনার এই পদক নেওয়া উচিত নয়, সুশীলকে কেন এ কথা বললেন ফারহান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই চ্যাম্পিয়ন হয়েছেন। রেসলিং ন্যাশনালসের মঞ্চে দীর্ঘ ন’বছরের খরা কেটেছে অবশেষে। ৭৪ কেজি বিভাগের ফাইনালে ওয়াকওভার পেয়ে যাওয়াতে সহজেই সোনা জিতে নেন দু’বারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার। কিন্তু তিনি এভাবে চ্যাম্পিয়ন হওয়ায় খুশি নন অভিনেতা ফারহান আখতার। ভারতীয় কুস্তিগিরকে তাই পদক না নেওয়ার অনুরোধ জানালেন তিনি।

Advertisement

প্রায় তিন বছর পর কুস্তির রিংয়ে কামব্যাক করেছেন। রিও অলিম্পিকের আগে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল জোর বিতর্ক। শেষমেশ আর রিও যাওয়া হয়নি তাঁর। তবে রেসলিং ন্যাশনালসের মঞ্চে অনেকদিন পর সুশীলকে পদক জিততে দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। কিন্তু কুস্তিগির মন জয় করতে ব্যর্থ হয়েছেন ফারহান আখতারের। কেন? ঘটনা হল, এই প্রতিযোগিতায় পাঁচটি বাউটের মধ্যে মাত্র দু’টিতে লড়াই করতে হয়েছে। বাকি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিদ্বন্দ্বী ওয়াকওভার দেওয়ায় বিনাযুদ্ধেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন তিনি। আর এখানেই আপত্তি ফারহানের। তাঁর বক্তব্য, সুশীল একজন লড়াকু কুস্তিগির। তাই তাঁর এভাবে সোনা জেতার বিষয়টা মানায় না। এ কথা নিজেই টুইট করেছেন অভিনেতা। বলছেন, “কঠোর পরিশ্রম করে, ঘাম-রক্ত ঝড়িয়ে জয় ছিনিয়ে নিতে দেখেছি সুশীলকে। আর সেই কারণেই তাঁকে এত শ্রদ্ধা করি। তাই সত্যিই মনে করি তিনি এভাবে পদক গ্রহণ করবেন না। এই জয়ের মধ্যে কোনও খেলোয়াড়োচিত ব্যাপার নেই।”

Advertisement

ভারতীয় কুস্তিগিরের বিরুদ্ধে ওয়াকওভার দেওয়ার সময় তাঁকে সম্মান জানিয়ে প্রত্যেকেই প্রণাম করেছিলেন। তিনিই যে দেশের অন্যতম সেরা কুস্তিগির, সেটাই যেন বুঝিয়ে দিতে চেয়েছিলেন প্রতিদ্বন্দ্বীরা। তবে তাতে মন গলেনি ফারহানের। আর এই আলোচনাতেই দ্বিধাবিভক্ত নেটিজেনরাও। অনেকেই যেমন অভিনেতার পাশে দাঁড়িয়ে সুশীলকে পদক ফিরিয়ে দেওয়ার আরজি জানাচ্ছেন, তেমন উলটোদিকে সুশীল ভক্তরা তাঁর এই সাফল্যে দারুণ খুশি। তাঁদের যুক্তি, ওয়াকওভারও তো খেলারই অংশ। খেলার নিয়মের মধ্যেই পরে। আর তাই তাঁর জয়কে খাটো করে দেখার কোনও কারণ নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.